প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ১১:০৭ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫ ১১:২৮ এএম
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রভাব বিস্তার করল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার তারা রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারাল।
এমিরেটস স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস লিগের আর্সেনাল-রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৫৭ মিনিট পর্যন্ত কোনো গোলই হয়নি। এখান থেকেই আর্সেনাল দেখায় তাদের জাদু।
৫৮ থেকে ৭৫— ১৭ মিনিটে ৩টি গোল করে আর্সেনাল। যার মধ্যে ৫৮ ও ৭০ মিনিটে ফ্রি কিকে ২টি গোল করেন ডেকলান রাইস। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রাণপণ চেষ্টা করেও রাইসের গোল ঠেকাতে পারেননি।
রাইসের জোড়া গোলের পাশাপাশি অন্য গোলটি করেন মিকেল মেরিনো। ৭৫ মিনিটে মাইলস লুইস স্কেলির অ্যাসিস্টে গোল করেন মেরিনো। ৩-০ গোলে জয়ের ম্যাচে আর্সেনাল ছড়ি ঘুরিয়েছে রিয়ালের ওপর।
৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্যবরাবর আর্সেনাল নিয়েছে ১১ শট। আর রিয়ালের দখলে ছিল ৪৬ শতাংশ। আর্সেনালের লক্ষ্যবরাবর আনচেলত্তির দল করেছে ৩ শট। ১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল।