প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫ ১৭:০৬ পিএম
ভারতকে রুখে দেওয়ায় পুরস্কার পেল বাংলাদেশ। প্রবা ফটো
গত ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এগিয়ে থাকা ভারতকে রুখে দেওয়ার পর ফিফা র্যাংকিংয়েও সুখবর পেলেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা। আজ বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর র্যাংকিংয়ে বাংলাদেশের এটিই সর্বোচ্চ অবস্থান। ২০২৩ সালের অক্টোবরে ফিফা র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ।
তখন এক মাসের ব্যবধানে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে জায়গা করে নেয় লাল–সবুজের জার্সিধারীরা। ২০২৩ সালে অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ মাস ১৮৩ নম্বরে থাকার পর পিছিয়ে পড়ে বাংলাদেশ। গত বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত মোট ৮ বার র্যাংকিং হালনাগাদ করেছে ফিফা। এই সময়ে বাংলাদেশ ১৮৪ আর ১৮৫-এর ঘরেই আটকা ছিল। সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬। ৯০৬.৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ভুটান।
ফিফা র্যাংকিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালে ফুটবল খেলা দেশগুলোর মধ্যে এমন শক্ত অবস্থানে ছিল তারা। এরপর নিয়মিত বিরতিতে মাঠের পারফরম্যান্স পড়তির দিকে যাওয়ায় র্যাংকিংয়ে গ্রাফটাও নিম্নমুখী হতে থাকে। ২০১৮ সালে বাংলাদেশ নেমে গিয়েছিল সর্বনিম্ন ১৯৭ নম্বরে।

র্যাংকিংয়ে বাংলাদেশের এমন উন্নতির দিনে এক ধাপ পিছিয়েছে ভারত। সুনীল ছেত্রীরা এখন ১২৭তম অবস্থানে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬০ নম্বরে থাকা সেই সিঙ্গাপুরও একধাপ পিছিয়ে এখন ১৬১-তে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাই ধরে রেখেছে র্যাংকিংয়ের শীর্ষস্থান। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলে হারানো আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ১৮.৯১। আর্জেন্টিনার পরেই আছে স্পেন। ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে স্প্যানিশরা। চারে ইংল্যান্ড, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে পাঁচে।
মার্চের উইন্ডোতে ১ জয় ও ১ ড্রয়ে ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে টপকে র্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছে স্পেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ জয় ও ১ হারে তিনে থাকা ফরাসিদের পয়েন্ট এখন ১৮৫৪.৭১। ১৮১৯.২ পয়েন্ট নিয়ে যথারীতি চার নম্বরে আছে ইংল্যান্ড। ১৭৫২.৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডস। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল এই উইন্ডোতে এক হার আর এক জয়ে র্যাংকিংয়ে পিছিয়েছে এক ধাপ। ১৭৫০.০৮ পয়েন্ট নিয়ে তারা আছে সাত নম্বরে। র্যাংকিংয়ে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে আছে বেলজিয়াম (১৭৩৫.৭৫), ইতালি (১৭১৮.৩১) ও জার্মানি (১৭১৬.৯৮)।
র্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার। ৭ ধাপ এগিয়ে তারা এখন আছে ১৬২ নম্বরে। অন্য দিকে বড় অবনতি হয়েছে আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের। ৮ ধাপ পিছিয়ে তারা এখন ১২৮ নম্বরে অবস্থান করছে। এশিয়ান দলগুলোর মধ্যে সেরা অবস্থান জাপানের। ১৬৫২.৬৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৫তম।