× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫ ১৯:৫৩ পিএম

বুধবার দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হাড়িয়ে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত

বুধবার দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হাড়িয়ে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানের রান যথাক্রমে ১, ৩, ১, ৫, ৯। ছয়ে নামা তাইয়াব তাহির দুই অঙ্ক স্পর্শ করতে পারলেন বটে, তবে তিনিও বিদায় নিলেন ১৩ রানেই। ম্যাচ কার্যত তখনই শেষ। ধ্বংসস্তূপের মধ্যে নেমে লড়াই করলেন ফাহিম আশরাফ। কনকাশন সাব হিসেবে ১১ নম্বরে নেমে ফিফটি করলেন পেসার নাসিম শাহ। তাতে পাকিস্তানের পরাজয়ের ধরন একটু ভদ্রস্থ হলো এই যা। বড় জয়ে সিরিজ জিতে নিল দ্বিতীয় সারির নিউজিল্যান্ড।

পাকিস্তানের মতো না হলেও নিউজিল্যান্ডের ব্যাটিংও ছিল কিছুটা নড়বড়ে। সাতে নেমে সাতটি করে ছক্কা ও চারে দুর্দান্ত ইনিংস খেলে দলকে টেনে তুললেন মিচেল হে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানের জয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করল কিউইরা।

হ্যামিল্টনে বুধবার ৫০ ওভারে নিউজিল্যান্ড তোলে ২৯২ রান। ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে খেলতে নামা মিচেল হে অপরাজিত থাকেন ৭৮ বলে ৯৯ রান করে। ওয়ানডে ইতিহাসে সাতে নেমে ৯৯ রানের ইনিংস আছে আর কেবল লুক রনকির। নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার এখনকার কিউইদের ব্যাটিং কোচ। 

রান তাড়ায় শুরুতেই ছিটকে পড়া পাকিস্তান ফাহিম আর নাসিমের ব্যাটে শেষ পর্যন্ত করতে পারে ২০৮ রান। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে উইকেটশূন্য থাকা কিউই পেসার বেন সিয়ার্স তৃতীয় ওয়ানডেতেই স্বাদ পেয়ে যান ৫ উইকেটের। আইপিএলের কারণে এমনিতেই একগাদা ক্রিকেটার নেই নিউজিল্যান্ডের স্কোয়াডে। প্রথম ওয়ানডেতে খেলা উইল ইয়াং ও সেই ম্যাচে সেঞ্চুরি করা মার্ক চ্যাপম্যানও ছিলেন না দ্বিতীয় ম্যাচে। তারপরও দারুণ খেলে ম্যাচ জিতে সিরিজও জিতে গেল কিউইরা। দারুণ ইনিংস খেলে ম্যাচের সেরা মিচেল হে। 

সেডন পার্কে টস জিতে বোলিং নেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। যদিও সেখানে আগে বোলিং করে কোনো পিচ থেকে কোনো ফায়দা তুলে নিতে পারেনি পাকিস্তানি পেসাররা। ৬ ওভারে ৫০ রান তুলে ফেলে নিউজিল্যান্ডের আনকোরা দুই ওপেনার। দুজনের কেউই অবশ্য ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা নিক কেলি বিদায় নেন ২৩ বলে ৩১ রান করে। অভিষিক্ত রিস মাইরু ফেরেন ১৮ রানে। পরের তিন ব্যাটসম্যানের চিত্রটাও একই। থিতু হয়েও আউট হয়ে যান হেনরি নিকোলস (২২), ড্যারিল মিচেল (১৮) ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল (১৭)। ১৩২ রানে ৫ উইকেট হারানো দলকে উদ্ধার করেন মুহাম্মাদ আব্বাস ও মিচেল হে। দুর্দান্ত ব্যাটিংয়ে ৮০ বলে ৭৭ রানের জুটি গড়েন দুজন। আব্বাস আউট হয়ে যান ৬৬ বলে ৪১ রান করে। শেষ দিকে ঝড় তোলেন ২৪ বছর বয়সি উইকেটরক্ষক-ব্যাটার হে। অপরাজিত রয়ে যান ৯৯ রানে। পাকিস্তানের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে।


সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৯২/৮ (মাইরু ১৮, কেলি ৩২, নিকোলস ২২, মিচেল ১৮, ব্রেসওয়েল ১৭, আব্বাস ৪১, হে ৯৯*, স্মিথ ৮, সিয়ার্স ৬, ডাফি ০*; ফাহিম ১০-০-৪৬-১, আকিফ ১০-০-৪৮-১, রউফ ১০-০-৭৫-১, ওয়াসিম ১০-০-৭৮-২, মুকিম ১০-১-৩৩-২ )।

পাকিস্তান : ৪১.২ ওভারে ২০৮ (শাফিক ১, ইমাম ৩, বাবর ১, রিজওয়ান ৫, সালমান ৯, তাহির ১৩, ফাহিম ৭৩, ওয়াসিম ১, রউফ ৩, আকিফ ৮, নাসিম ৫১, মুকিম ১৩*; ও’রোক ৮-১-১৯-১, ডাফি ৮-১-৩৫-৩, সিয়ার্স ৯.২-০-৫৯-৫, স্মিথ ১০-১-৫৩-১, ব্রেসওয়েল ৬-০-২৯-০)।

ফল: নিউজিল্যান্ড ৮৪ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে।

ম্যান অব দ্য ম্যাচ : মিচেল হে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা