প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫ ১৯:৪০ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৫ ১৯:৪০ পিএম
পাকিস্তানের মাটিতে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ দলও সেখানে অংশ নেবে। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সে লক্ষ্যে আজ পাকিস্তানের উদ্দেশে রওনা করবে নিগার সুলতানা জ্যোতির দল। বাছাইপর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল থাকার লক্ষ্যের কথা জানিয়েছেন এই টাইগ্রেস অধিনায়ক। দেশ ছাড়ার আগে অবশ্য বড় লক্ষ্যের কথা জানাতে গিয়ে জ্যোতি বলেন- ‘লক্ষ্য একটাই, বিশ্বকাপ খেলতে চাই’।
আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাছাই পর্ব বাংলাদেশের জন্য মোটেও সহজ নয়। বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, ১৩ এপ্রিল। একই মাঠে ১৫ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশ নিজেদের সর্বশেষ দুটি ম্যাচ খেলবে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দুটি কঠিন দলের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশের মেয়েদের। গ্রুপের দল নিয়ে জ্যোতি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম, তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলে এসেছি। তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড-স্কটল্যান্ডের সঙ্গে খেলব।’
সাফল্য পেতে হলে ব্যাটারদের সঠিক ভূমিকায় দেখতে চান জ্যোতি, ‘প্রথম দিকে আমরা যদি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি তাহলে ভালো হবে। আমাদের ব্যাটিং যদি ভালো করতে পারি তাহলে ভালো হবে। পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, আবার আমাদের বোলাররাও সব সময় অনেক দুর্দান্ত (পারফর্ম করছে)। ব্যাকআপ দেয় তারা সব সময়, ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে।’
বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করলেও, বিরূপ উইকেটে তাদের কৌশল নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত কয়েকটা সিরিজ আমরা যখন বাইরে খেলেছি, তারা অনেক ভালো করেছে। ভালো উইকেটে যত ভালো বোলিং করা যায় আরকি। এসব উইকেটে অত টার্ন পাবেন না, আর আমাদের (মাঠ) তো স্পিননির্ভর থাকে। দেশের উইকেটে খেলার সময় ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে। কিন্তু দেশের বাইরে উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। বোলারদের সঙ্গে এভাবে কথা হয়েছে যেন উইকেটের পেছনে না ছুটে ইকোনমিক্যাল বল করতে পারি।’
রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ৬ দলের বিশ্বকাপ বাছাই পর্ব। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুটি দল জায়গা করে নেবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে। অক্টোবরে হতে যাওয়া নারী বিশ্বকাপে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘দেখুন কোয়ালিফায়ার মানে হচ্ছে কোয়ালিফাই করতে যাচ্ছি, এটাই সবচেয়ে বড় বিষয়। আর গতবারও আমাদের কোয়ালিফাই করে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছে। সো এবারও আমাদের সেম জিনিস, হয়তো-বা সুযোগ ছিল যেটা আমরা পূরণ করতে পারি নাই। বাট স্টিল বলব যে যদি কোয়ালিফায়ার রাউন্ডে বেটার খেলতে পারি টিমের জন্য ভালো এবং সবার প্রত্যাশা তো থাকবে ওইটা যে যেন ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে পারি।’
প্রসঙ্গত, ৬ দলের এই বাছাইপর্ব শেষে সেরা দুটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ১০ এপ্রিল বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে নামবে জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়ারল্যান্ড (দিবারাত্রি), ১৫ এপ্রিল স্কটল্যান্ড (দিবারাত্রি), ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। দিনের ম্যাচ সকাল ১০টা এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।