× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনজুরিতে ল্যাথাম, নিউজিল্যান্ডের নেতৃত্বে ব্রেসওয়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ২০:১৬ পিএম

ইনজুরিতে ল্যাথাম, নিউজিল্যান্ডের নেতৃত্বে ব্রেসওয়েল

নিউজিল্যান্ডের মূল খেলোয়াড়দের বেশিরভাগই আইপিএল খেলতে ভারতে গেছেন। তাই অনেকটা বাধ্য হয়েই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মোটামুটি দ্বিতীয় সারির দল নিয়ে সিরিজ খেলছে কিউইরা। এই দল নিয়েও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে স্বাগতিকরা। ওয়ানডে সিরিজটাও এমন দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে খেলতে হচ্ছে কিউইদের। তবে সেই দলটার শক্তিমত্তা আরও কমে গেছে টম ল্যাথামের চোটে। ওয়ানডে সিরিজের অধিনায়কত্বের ভার ছিল যার কাঁধে, সেই ল্যাথাম হাত ভেঙে ছিটকে গেছেন দলের বাইরে।

নিউজিল্যান্ড মূলত ল্যাথামকে অধিনায়ক করেছিল মূল অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে খেলতে যাওয়ায়। সেই ল্যাথামও ছিটকে পড়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডারই। ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়েছে, অনুশীলনে ব্যাটিং করার সময়ে ল্যাথামের ডান হাতে বল আঘাত করে। পরে এক্স-রেতে ধরা পড়ে হাড়ে চিড় ধরেছে। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এক মাসের মতো সময় লাগবে।

এদিকে ল্যাথাম ছিটকে যাওয়ায় শুধু অধিনায়ক না, বিকল্প উইকেটরক্ষকও খুঁজতে হচ্ছে নিউজিল্যান্ডকে। তাই ওয়ানডে সিরিজে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে তরুণ মিচ হেয়কে। এ ছাড়া স্কোয়াডে যুক্ত হয়েছেন অভিজ্ঞ হেনরি নিকোলস, যিনি সম্প্রতি তিন মাসের ইনজুরি কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফিরেছেন। ল্যাথামের ছিটকে যাওয়াকে দুঃখজনক আখ্যা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। পাশাপাশি ব্রেসওয়েলের অধিনায়কত্বের প্রশংসাও করেছেন তিনি। বলেছেন, ‘সিরিজ শুরুর আগে অধিনায়ক টমকে হারিয়ে ফেলাটা হতাশার। সে দ্রুত সেরে উঠুক এই প্রার্থনাই করি। তবে দলটা মাইকেলের মতো আস্থাভাজনের হাতে থাকাতেই একটু স্বস্তি। টি-টোয়েন্টি সিরিজে সে দারুণ করেছে।’

এদিকে নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচের পর উইল ইয়ং স্কোয়াড থেকে বিদায় নেবেন, কারণ তিনি এবং তার স্ত্রী এলিস প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। ইয়ংয়ের জায়গায় নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক পেয়েছেন ২৩ বছর বয়সি ব্যাটার রিস মারিউ। এই উদীয়মান ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১.৭৩ গড়ে রান করেছেন। এ ছাড়া দলে আছেন আরও দুই নবাগত খেলোয়াড় মুহাম্মদ আব্বাস ও নিক কেলি। তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী শনিবার থেকে। পরের দুই ওয়ানডে মাঠে গড়াবে ২ ও ৫ এপ্রিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা