ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১৬:৫৬ পিএম
ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। গত ৩ মার্চ শুরু হয়েছিল ১২ দলের পঞ্চাশ ওভারের টুর্নামেন্টের এবারের আসর। পবিত্র ঈদুল ফিতরের বিরতির আগে অষ্টম রাউন্ডের খেলা শেষ হয়েছে। ঈদের পর তিন রাউন্ডসহ সুপার লিগের খেলা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গতকাল বুধবার প্রথম পর্বের শেষ তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ৬ এপ্রিল শুরু হবে লিগ পর্বের খেলা।
শিরোপা ধরে রাখার
মিশনে এবারের আসরের প্রথম ম্যাচেই হারের মুখে পড়েছিল গেল আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
তবে পরে টানা সাত ম্যাচ জিতে নাজমুল হোসেন শান্তর দল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান
করছে। আবাহনীর পেছনে ছুটছে গত আসরের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ
ক্রিকেটার্স। অষ্টম রাউন্ড শেষে দুই দলই ছয়টি করে ম্যাচ জিতেছে। তবে নেট রানরেটে এগিয়ে
থাকায় দুইয়ে আছে এনামুল হক বিজয়ের গাজী।
৮ ম্যাচে সমান
পাঁচটি জয় আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের। তবে নেট
রানরেটে এগিয়ে চারে প্রাইম ব্যাংক। সমান ৪ জয়, ৩ হার ও একটি করে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়
৯ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে ছয়ে আছে আসরে উড়ন্ত সূচনা করা লিজেন্ডস অব রূপগঞ্জ,
আর সাতে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাব। ৮ ম্যাচে
৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। দুই জয়ে নবম স্থানে
থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৫। পারটেক্স স্পোর্টিং ক্লাব ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে
দশে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর
ক্রিকেট ক্লাব একটি করে জয় পেয়েছে। তবে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১১ নম্বরে রূপগঞ্জ।
এবারের ডিপিএলে
ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয়। আসরে প্রথম
দুই ম্যাচে শূন্য হাতে বিদায় নিলেও পরে ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন ডানহাতি এই ব্যাটার। এখন
পর্যন্ত রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি। ৮ ম্যাচ খেলে বিজয় করেছেন ৫৩০ রান।
যেখানে তার ব্যাট থেকে এসেছে ১৬ ছক্কা আর ৪৭ চার। তালিকার দুই নম্বরে রয়েছেন ৮ ম্যাচ
খেলা প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম শেখ। সব মিলিয়ে ৪৯১ রান করেছনে নাঈম। যেখানে তার
স্ট্রাইকরেটও (প্রায় ১২৩) আকর্ষণীয়। চার মেরেছেন ৫০টি, সঙ্গে ছক্কা মেরেছেন ২৩টি।
তালিকার তিন নম্বর
স্থানে রয়েছেন ইমরুল কায়েস। অগ্রণী ব্যাংকের অধিনায়ক ৮ ম্যাচ খেলে করেছেন ৪৩০ রান।
চার মেরেছেন ২৯টি, ছক্কা মেরেছেন ১৯টি। তালিকার চার নম্বরে রয়েছেন পারভেজ হোসেন ইমন।
তিনি করেছেন ৪১৩ রান। আবাহনীর এই ওপেনার চার মেরেছেন ৩৯টি, ছক্কা মেরেছেন ১৯টি। তালিকার
পাঁচ নম্বরে রয়েছেন নুরুল হাসান সোহান। ৮ ম্যাচ খেলা অধিনায়ক মিডল অর্ডারে ব্যাট করে
করেছেন ৪০১ রান। যেখানে চার মেরেছেন ৪০টি, ছক্কা মেরেছেন ১০টি।
সাম্প্রতিক সময়ে
বাংলাদেশের পেসাররা দুর্দান্ত ফর্মে থাকলেও ডিপিএলের ৮ রাউন্ড শেষে বল হাতে দাপট দেখিয়েছেন
প্রতি দলের স্পিনাররা। যেখানে সেরা তিন বোলারই বাঁহাতি স্পিনার। এ ছাড়া সেরা পাঁচে
রয়েছেন দুইজন পেসার। তালিকার প্রথমে আবাহনী লিমিটেডের স্পিনার রাকিবুল ইসলাম ৮ ম্যাচ
খেলে ১৭ উইকেট সংগ্রহ করে সবার ওপরে রয়েছেন। তালিকার দুই নম্বরে রয়েছেন মোহামেডান স্পোর্টিং
ক্লাবের স্পিনার তাইজুল ইসলাম। জাতীয় দলের নিয়মিত এই বোলার ৮ ম্যাচ খেলে শিকার করেছেন
১৬ উইকেট। ৬ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করে তালিকার তিন নম্বরে রয়েছেন প্রাইম ব্যাংকের
আরাফাত সানী। গুলশান ক্রিকেট ক্লাবের পেসার আসাদুজ্জামান পায়েলও ৬ ম্যাচে শিকার করেছেন
১৪ উইকেট। আর ১৩ উইকেট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছেন গাজীর স্পিনার আবু হাসিম, ধানমন্ডির
পেসার কামরুল ইসলাম রাব্বি ও ব্রাদার্সের পেসার আল আমিন হোসেন।