প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১০:২৭ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫ ১০:৫২ এএম
আবুধাবির জায়েদ স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড বানাচ্ছে আফগানিস্তান
রাজনৈতিক বৈরিতার কারণে আন্তর্জাতিক ম্যাচ হয় না আফগানিস্তানে। দ্বিপক্ষীয় সিরিজের জন্য ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতের দিকে তাকিয়ে থাকতে হয় আফগানদের। এ নিয়ে আফসোসের কমতি ছিল না মোহাম্মদ নবি ও রশিদ খানদের। তবে এবার তারা আবুধাবির জায়েদ স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড বানাচ্ছে।
আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)-এর মধ্যে ইতোমধ্যে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। এ সময়ে আফগানিস্তান নিজেদের হোম ম্যাচগুলো আবুধাবিতেই খেলবে। চুক্তি অনুযায়ী আবুধাবিতে আফগানিস্তান জাতীয় দল ক্যাম্প করতে পারবে। সেই সঙ্গে আফগানিস্তান ‘এ’ ও বয়সভিত্তিক দলের ম্যাচগুলো আয়োজন করতে পারবে। এ চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত।
এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ চুক্তির মাধ্যমে এসিবিকে তাদের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা ও খেলোয়াড় উন্নয়ন প্রক্রিয়া শক্তিশালী করতে সহায়তা প্রদান করা হবে।’
এডিসিএসএইচের প্রধান নির্বাহী ম্যাট বাউচার বলেন, ‘আমাদের (ভেন্যু) সুবিধাগুলো ইতোমধ্যে বিশ্বের সেরা খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে এবং এ চুক্তির মাধ্যমে বৈশ্বিক ক্রীড়া ও ক্রিকেট প্রতিভা লালনের প্রতি আমাদের অঙ্গীকার আরও দৃঢ় হলো। আমরা গত কয়েক বছর আফগানিস্তান দলকে আতিথ্য দিতে পেরে আনন্দিত।’
এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আবুধাবির প্রিমিয়াম সব সুবিধা ব্যবহার করার সুযোগ পাওয়া আফগানিস্তান ক্রিকেটের জন্য বিশেষভাবে বয়সভিত্তিক পর্যায়ে একটি বড় অর্জন। আমাদের প্রশিক্ষণকেন্দ্র হিসেবে আবুধাবিকে নির্ধারণ এবং বয়সভিত্তিক পর্যায়ের জন্য এটি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে পারা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’