প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৯:৩১ পিএম
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকে দুর্দান্ত বোলিং করেছেন জ্যাকব ডাফি। এতে বোলারদের র্যাংকিংয়েও তরতরিয়ে ওপরের দিকে উঠছেন ডানহাতি এই পেসার। বোলারদের র্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার।
প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে গত সপ্তাহে র্যাংকিংয়ে ২৩ ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে উঠেছিলেন ডাফি। তৃতীয় ম্যাচে ৩৭ রানে একটি উইকেট নেওয়ার পর চতুর্থ ম্যাচে স্রেফ ২০ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। এতে র্যাংকিংয়ে আরও সাত ধাপ এগিয়ে পাঁচ নম্বরে আছেন ৩০ বছর বয়সি বোলার।
বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশের দিন পঞ্চম ম্যাচেও চমৎকার বোলিং করেন ডাফি, ১৮ রানে শিকার ধরেন ২টি। তাতে পাঁচ ম্যাচ সিরিজ ডাফি শেষ করেছেন ১৩ উইকেট নিয়ে। এই ম্যাচে তার পারফরম্যান্সের প্রতিফলন পড়বে আগামী সপ্তাহে প্রকাশিত র্যাংকিংয়ে ।
ডাফির মতো বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন নিউজিল্যান্ডের আরেক পেসার জ্যাকারি ফোকস। সিরিজের চতুর্থ ম্যাচে ২৫ রানে ৩ উইকেট নিয়ে র্যাংকিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন তিনি। ১১ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তৃতীয় ও চতুর্থ ম্যাচে ৩টি করে শিকার ধরেন তিনি।
মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ম্যাচে ২০ বলে ৫০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা কিউই ওপেনার ফিন অ্যালেন ব্যাটারদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১৬তম স্থানে আছেন। অকল্যান্ডে তৃতীয় ম্যাচে ৪৪ বলে ৯৪ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ৪১তম স্থানে আছেন মার্ক চাপম্যান। ওই ম্যাচে ৪৫ বলে অপরাজিত ১০৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা পাকিস্তানের হাসান নাওয়াজ বড় লাফ দিয়ে উঠে এসেছেন ৭৭তম স্থানে।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের র্যাংকিংয়ে যথারীতি ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন, অলরাউন্ডারদের তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া চূড়ায় আছেন।