প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৮:২৩ পিএম
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে গিয়েছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে বুধবার নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে ওঠে শুধুই নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতার ম্যাচে কিউইরা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত জয়ের পথে কিউইরা গড়ল নতুন এক রেকর্ড।
ওয়েলিংটনে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১২৮ রান
তোলে। জবাব দিতে নেমে টিম সেইফার্ট ঝড়ে মাত্র ৬০ বলে ২ উইকেট হারিয়ে ১৩১ রান করে জয়
নিশ্চিত করে নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল কিউইরা।
ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন সেইফার্ট
ও ফিন অ্যালেন। পাওয়ার প্লেতেই তারা দুজন তুলে ফেলেন বিনা উইকেটে ৯২ রান। এ সময় মাত্র
২৩ বলে ৫টি চার ও ৫ ছক্কায় ফিফটি পূর্ণ করেন সেইফার্ট।
দলীয় ৯৩ রানের মাথায় অ্যালেন ফেরেন সুফিয়ান মুকিমের বলে বোল্ড হয়ে।
মাত্র ১২ বলে ৫টি চার ও ১ ছক্কায় ২৭ রান করে যান তিনি। অ্যালেন বিদায় নিলেও থামেনি
সেইফার্ট ঝড়। তার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮ ওভারেই ১০০ রান পেরিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা।
১০৩ রানের মাথায় ওয়ান ডাউনে নামা মার্ক চ্যাপম্যানকেও ফেরান মুকিম। ৭ বল খেলে ৩ রান
করে যান তিনি।
এরপর দশম ওভারে গিয়ে আর কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
সেইফার্ট মাত্র ৩৮ বল খেলে ৬টি চার ও ১০ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন। মাত্র ৩ রানের
জন্য তিনি মিস করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
তার আগে বল হাতে পাকিস্তানকে দিশাহারা করেন জিমি নিশাম। তিনি ৪ ওভারে
মাত্র ২২ রান দিয়ে ৫টি উইকেট নেন। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফাইফার। জ্যাকব
ডাফি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন বেন সিয়ার্স ও ইশ
সোধি। নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের ব্যাটসম্যানদের মাত্র দুজন দুই অঙ্কের
কোটায় রান করতে পারেন। তার মধ্যে অধিনায়ক সালমান আলী আগা ৩৯ বলে ৬টি চার ও ১ ছক্কায়
৫১ রান করেন। আর শাদাব খান ২০ বলে ৫ চারে করেন ২৮ রান। অতিরিক্ত খাত থেকে আসে ১৩টি
রান। ম্যাচসেরা হন নিশাম। আর মোট ২৪৯ রান করে সিরিজ সেরা হন সেইফার্ট।