প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১০:১৫ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫ ১১:১৯ এএম
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। বুধবার (২৬ মার্চ) বুয়েনস আইরেসের মনুমেন্তালে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার হয়ে ১টি করে গোল করেন হুলিয়ান আলভারেস, এনসো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান সিমিওনি। ব্রাজিলের হয়ে ১ গোল ফেরান মাথিয়াস কুনিয়া।
আর্জেন্টিনা অবশ্য বিশ্বকাপে নিশ্চিত করে ফেলেছিল মাঠে নামার আগেই। লাতিন অঞ্চলের অন্য ম্যাচে বলিভিয়া-উরুগুয়ে ড্র করার পরই ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছিল লিওনেল স্কালোনির দল। ব্রাজিলকে গুঁড়িয়ে বাছাই পর্বে নিজেদের শ্রেষ্ঠত্বটাও ধরে রাখল তারা।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ২-এ ইকুয়েডর। চিলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে ৩-এ। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ৪-এ ব্রাজিল।
বাছাইয়ে কখনও পাঁচ ম্যাচ হাতে রেখে বিশ্বকাপ নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। সেটা উদ্যাপন করতেই কি না শুরু থেকে ব্রাজিলের ওপর ঝাঁপিয়ে পড়েন স্কালোনির শিষ্যরা। প্রথম ১২ মিনিটে তারা এগিয়ে যান ২-০তে। এত দ্রুত কখনও আর্জেন্টিনার বিপক্ষে ২ গোল হজম করেনি ব্রাজিল। অথচ এ সময়ে আর্জেন্টিনার পোস্টে কোনো শট নিতে পারেননি দোরিভাল জুনিয়রের শিষ্যরা।
এদিন ম্যাচের চতুর্থ মিনিটে থিয়াগো আলমাদার ডিফেন্স চেরা পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলভারেস। দলীয় ফুটবলের অসামান্য প্রদর্শনীতে তারা ২-০তে এগিয়ে যান এনসো ফের্নান্দেস লক্ষ্য ভেদ করলে, গোলটা হয়েছে ৩৩তম টাচে।
২৬তম মিনিটে গোলের জন্য প্রথম শট নিয়েই লক্ষ্য ভেদ করে ব্রাজিল। এর দায় অবশ্য ক্রিস্তিয়ান রোমেরোর। ডি-বক্সের বাইরে বল অনেক্ষণ পায়ে রেখেছিলেন তিনি। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে নিচু শটে জালে জড়ান মাথিয়াস কুনিয়া। ৩৬তম মিনিটে আলমাদার শট ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো। পরের মিনিটে পারেননি আর। ফের্নান্দেসের দারুণ ক্রস বক্সে পেয়ে চমৎকার ভলিতে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন ম্যাক অ্যালিস্টার।
বিরতির পর মুরিলো, জোয়েলিনতন ও রোদ্রিগোকে তুলে নিয়ে ব্রাজিলিয়ান কোচ দোরিভাল মাঠে নামান ওরচিজ, জোয়াও গোমেজ ও এন্দ্রিককে। কাজ হয়নি তাতেও। উল্টো ৭১ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর পাস বক্সে পেয়ে কোনাকুনি শটে বদলি খেলোয়াড় সিমিওনি ব্যবধান করেন ৪-১।
২০২৬ সালে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। এর বাছাইয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা।