প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৪:৫২ পিএম
তামিম ইকবালকে নিয়ে উৎকণ্ঠা এখনও থামেনি। ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছিলেন। তবে আপাতত শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক কবে খেলায় ফিরতে পারবেন, সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
আজ সাভারের কেপিজে হাসপাতালে তামিমের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের পর এ খবর জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।
স্বাভাবিক জীবনে তামিম কবে ফিরবেন, এমন জিজ্ঞাসায় ডা. আবু জাফর বলেছেন, ‘উনার (তামিমের) শারীরিক অবস্থা আশাব্যঞ্জক। কিন্তু যেই চিকিৎসা হয়েছে তাতে অ্যাকশন-রিক্যাশন হতে পারে। আবার যেই রিং লাগানো হয়েছে সেটাও কাজ না করতে পারে। সেই ঝুঁকি রয়েছে। তাদের পরিবারকে বুঝিয়েছি। এ মুহূর্তে তার মুভ করা খুবই ঝুঁকিপূর্ণ। সেই বিষয়ে তামিমের সঙ্গেও কথা বলেছি। এটা স্বাভাবিক যে সর্বোচ্চ চিকিৎসা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে। কিন্তু তার জন্য যাওয়াটা নিরাপদ কিনা সেটাও ভেবেছি। তবে তারা আমাদের ডাক্তারদের সিদ্ধান্তকে সম্মান করছে।’
তিনি জানান, ‘এই তিন মাস অবজারভেশনে থাকবেন তামিম। উনার শারীরিক অবস্থা কি, উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে সেসব বিবেচনা করে দেখা হবে। তার মেডিকেল বোর্ড তাকে অনুমতি দিলে সে খেলতে পারবে।’
তামিমের পরবর্তী করণীয় কী হতে পারে সেই ধারণা দিয়েছেন ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, ‘এখন যে সময়টা সে কিন্তু বাথরুমে যেতে পারবেন কিন্তু কারো সাথে থাকা উচিত। এখন তো সে ৪৮ থেকে ৭২ ঘণ্টা অবজারভেশনে আছেন। এখান থেকে বের হওয়ার পর সে চাইলে কোনো ভালো জায়গায় যেতে পারেন। আমরা পাঁচদিন পর রোগি ছেড়ে দেই। এরপর কিন্তু বলি, সাত দিন হাউজ রেস্টে থাকতে হবে। শরীরকে এখন সময় দিতে হবে।’
সোমবার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি। বিকেএসপির পাশেই সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারকা এই ব্যাটার। জানা গেছে, আজ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হবে তাকে।