প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৯:৫৯ পিএম
মুম্বাই ইন্ডিয়ান্স জিততে পারেনি। আইপিএলে শুরুটাও হয়েছে বাজে। তবে ভিগনেশ পুথুর জিতেছেন। নিজেকে চিনিয়েছেন, হুট করে এসেই বসেছেন আলোচনায়। আইপিএল খেলে অনেক ভারতীয় ক্রিকেটারই ছাপ ফেলেছেন। এই মুম্বাই থেকেই এসেছেন জশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তিলক ভার্মারা। এবার পুথুর?
রবিবার চেন্নাইয়ের বিপক্ষে তাকে একাদশে দেখে অনেকের কপালে চোখ উঠে গিয়েছিল নিশ্চয়, ‘ইনি কে, কী তার ক্যালিবার যে, প্রথম ম্যাচেই তিনি মাঠে?’ পুথুর জবাব দিয়েছেন। মুম্বাই হেরে গেলেও তিন উইকেট নিয়ে নজর কেড়েছেন।
নিজের রাজ্য কেরালার হয়ে কোনো ফরম্যাটে একটিও ম্যাচ খেলেননি ২৪ বছরের পুথুর। তবে চোখে পড়ে যান মুম্বাইয়ের ‘স্কাউটদের’। চেন্নাইয়ের ইনিংসের অষ্টম ওভারে বল করতে এসেছিলেন পুথুর।
সেই ওভারেই তিনি আউট করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে। পরের ওভারে ফিরিয়ে দেন শিবম দুবেকে। একই রকমভাবে লোভ দেখিয়ে দীপক হুডাকেও ফিরিয়ে দেন। এই তো ৪ ওভারে ৩২ রান খরচায় ৩ উইকেট। ছোট তারকার বড় শুরু।