× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিমের জন্য দোয়া প্রার্থনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৯:৫৬ পিএম

তামিমের জন্য দোয়া প্রার্থনা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে গিয়েছিলেন তামিম ইকবাল। মাঠের মাঝেই অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। সাভারের স্থানীয় এক হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর তামিম এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে। হার্টে ব্লক ধরা পড়েছে তার। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের হার্টে রিংও পরানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়া তামিমের জন্য মন কাঁদছে দেশবাসীর। ভক্তরা জড়ো হচ্ছেন হাসপাতালে। খোঁজখবর নিচ্ছেন। তামিমের সুস্থতা কামনা করেছেন সাবেক-বর্তমান বিদেশি অনেক তারকা। মাশরাফি বিন মর্তুজা দিয়েছেন আবেগঘন বার্তা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ছুটে গেছেন হাসপাতালে। দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেসহ অনেকে।

টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘তামিম ইকবাল ভাই, সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে। এই কঠিন সময়ে সবাই দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’

মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘তামিম ভাইয়ের, আপনার দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাদের ভাবনা ও দোয়া আপনার সাথে আছে।’ লিটন দাস লিখেছেন, ‘তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’ টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে-ইনশাল্লাহ।’

টুইটারে ভারতের ক্রিকেটার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটায় তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।’ লঙ্কান কিংবদন্তি পেসার মালিঙ্গা লিখেছেন, ‘মাঠে সবসময় যেমন লড়াই করেছো, তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।’ 

যুবরাজ সিং টুইট করেছেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছো এবং শক্তভাবে জিতে ফিরেছো। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’ হার্শা ভোগলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি, দ্রুতই আমরা একসঙ্গে কাজ করব।’ 

সোমবার এক বার্তায় তামিম ইকবালের সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া তামিমের শরীরের খবর নিতে বা তাকে দেখতে হাসপাতালে ভক্তদের ভিড় না করার অনুরোধ করেছে বিসিবি। এক বার্তায় তারা বলেছে, তামিমকে দ্রুত ও জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে। বিসিবি এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিয়মিত তার খোঁজখবর নেওয়া হচ্ছে। বিসিবিও তামিমের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। বিসিবি ভক্তদের অনুরোধ করে বার্তায় জানিয়েছে, ভক্ত ও দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ করা গেল। এতে হাসপাতালের পরিবেশ ব্যাহত হতে পারে, যা তামিমের চিকিৎসায় ব্যাঘাত ঘটাতে পারে। ভক্তদের তামিমের শরীরের পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।

খেলার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়া তামিমকে তৎক্ষণাৎ সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তামিমের হার্টে রিং পরানো হয়েছে। এখন তিনি সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন। আশঙ্কা আপাতত কেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা