× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিত-কোহলিরা পাচ্ছেন বিশাল অঙ্কের পুরস্কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ২১:১৫ পিএম

রোহিত-কোহলিরা পাচ্ছেন বিশাল অঙ্কের পুরস্কার

আইসিসি ইভেন্টে পরপর দুটি আসরেই শিরোপা জিতল ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর এক যুগ পর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি পাচ্ছে গোটা ভারতীয় দল। রোহিত শর্মাদের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে রেকর্ড তৃতীয় শিরোপাজয়ী ভারতীয় দলের সদস্যদের উপহার হিসেবে ৫৮ কোটি রুপি দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যার প্রায় ৮৪ কোটি টাকা। এই অর্থ ১৫ জন ক্রিকেটার তো বটেই, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কোচিং স্টাফের অন্য সদস্যরাও আর্থিকভাবে পুরস্কৃত হবেন। এমনকি অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচকরাও এই পুরস্কারের অংশ পাবেন। তবে কার জন্য কত বরাদ্দ হবে, সেটা আলাদা করে বোর্ডের বিবৃতিতে বলা হয়নি।

এবারের পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি হিসেবে বরাদ্দ ছিল ৬.৯ মিলিয়ন ডলার,  যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৪ কোটি ৪৫ লাখ। শুধু অংশগ্রহণের জন্যই বরাদ্দ করা হয় ১ লাখ ২৫ হাজার ডলার বা ১ কোটি ৫১ লাখ টাকা করে, গ্রুপপর্বে প্রতিটি জয়ের জন্য ৩৪ হাজার ডলার করে। আর চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ ছিল প্রায় ২৭ কোটি ৬ লাখ টাকা।

গ্রুপপর্বে তিন জয়, এরপর সেমিতে অস্ট্রেলিয়া ও ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতা ভারত সর্বমোট ২.৪৬৭ মিলিয়ন ডলার পায়, যা বাংলাদেশি টাকায় ২৯ কোটি ৯৮ লাখ। ট্রফি জেতার পুরস্কার হিসেবে রোহিত শর্মারা বোনাস পাচ্ছেন এর দ্বিগুণেরও বেশি, বলা যায় প্রায় তিনগুণ। এবং সেটা চ্যাম্পিয়নস ট্রফির মোট প্রাইজমানির প্রায় সমান।

বিসিসিআই সভাপতি রজার বিনি বলেছেন, ‘পরপর আইসিসি শিরোপা জেতা বিশেষ কিছু। এই পুরস্কার বিশ্বমঞ্চে টিম ইন্ডিয়ার ডেডিকেশন ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। এর পেছনে যাদের কঠোর পরিশ্রম রয়েছে, তাদের জন্যই এই ক্যাশ। এটা এ বছর আমাদের দ্বিতীয় শিরোপা, অনূর্ধ্ব-১৯ মেয়ে দল বিশ্বকাপ জিতেছে। তার মানে, আমাদের ক্রিকেটিং ইকোসিস্টেম ভালো পথেই আছে।’

বিসিসিআই সচিব দেবাজিত সাইকিয়া বলেছেন, ‘বিসিসিআই খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের এই সম্মাননা প্রদান করতে পেরে গর্বিত। বিশ্বক্রিকেটে তাদের আধিপত্য বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং কৌশলগত বাস্তবায়নের ফল। এই জয় সাদা বলের ক্রিকেটে ভারতের শীর্ষস্থানকে ন্যায্যতা দিয়েছে এবং আমরা নিশ্চিত যে আগামী বছরগুলোতেও এই ধারা বজায় রাখবে।’

গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বোর্ড। বিশ্বকাপ সফরকারী দলে সব মিলিয়ে ৪২ জন সদস্য ছিলেন। ক্রিকেটার, কোচিং স্টাফ, মিডিয়া অফিসার, ভিডিও বিশ্লেষণকারী দলও ছিল। বিশ্বকাপের মূল দলে যে ১৫ জন ছিলেন, তাদের দেওয়া হয় ৫ কোটি টাকা করে। কোচ রাহুল দ্রাবিড়কেও ওই একই টাকা দেওয়া হয়। কোচিং স্টাফের অন্য সদস্যদের দেওয়া হয় আড়াই কোটি টাকা করে। অজিত আগারকারসহ নির্বাচকদের দেওয়া হয় ১ কোটি টাকা করে।

 

এ ছাড়া তিনজন ফিজিওথেরাপিস্ট, তিনজন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুজন ম্যাসিওর এবং কন্ডিশনিং কোচেরাও ২ কোটি টাকা করে পেয়েছিলেন। এমনকি যারা রিজার্ভ দলে ছিলেন, তাদেরও গতবার পুরস্কৃত করে বোর্ড। ক্রিকেট মহলের অনুমান, বিশ্বকাপে যে হারে পুরস্কারের অর্থ বণ্টিত হয়েছিল, এবারও সেই হারেই পুরস্কার মূল্য বণ্টন করা হবে। তবে এবার টাকার অঙ্কটা সবারই অর্ধেকের কাছাকাছি হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা