প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১৬:৫৪ পিএম
তৃতীয়বারে এসে অবশেষে মুক্তি। বোলিং করা নিয়ে আর কোনো বাধা রইলো না সাকিব আল হাসানের। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের তারকা এই অলরাউন্ডার। গতকাল মধ্যরাতের পর এই খবর সামনে আসে।
বোলিং পরীক্ষায় বৈধতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।’
এর আগে গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। পরে বার্মিংহামের অনতিদূরের এই লাফবোরোর ল্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। এরপর চেন্নাইয়ে পরীক্ষাতেও দুঃসংবাদ পান তিনি।
গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়েছে, তিনি গতকাল ফলাফল জেনেছেন। যেখানে সাকিব পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত।