× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএলে শ্বাসরুদ্ধকর দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ২১:২৪ পিএম

অগ্রণী ব্যাংকের জয়ের নায়ক ইমরুল কায়েস; ছবি: আ. ই. আলীম

অগ্রণী ব্যাংকের জয়ের নায়ক ইমরুল কায়েস; ছবি: আ. ই. আলীম

অবশেষে জয়ের মুখ দেখেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। টানা পাঁচ ম্যাচে হারে ডিপিএলের তলানিতে থাকা দলটিকে বুধবার শ্বাসরুদ্ধকর এক জয় পাইয়ে দিয়েছেন আব্দুল মজিদ। ম্যাচের শেষ বলে রূপগঞ্জের জয়ের সমীকরণ মেলানোর পাশাপাশি ব্যক্তিগত সেঞ্চুরিও হাঁকিয়েছেন এই ওপেনার। এদিকে লোয়ার অর্ডারের ব্যাটারদের দৃঢ়তায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রায়ান রাফসানের সেঞ্চুরিটা অবশ্য দলকে জেতাতে পারেনি। তার দল হেরে গেছে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে।

 

রূপগঞ্জের নায়ক মজিদ

বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে রূপগঞ্জ। টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমে ম্যাচের শেষ বলে রূপগঞ্জের হয়ে সেঞ্চুরি করে নায়ক বনে গেছেন ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ ব্যাটার মজিদ।

রান তাড়া করতে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় রূপগঞ্জ। এরপর ১০৭ রানের জুটি গড়েন আব্দুল মজিদ ও আসাদুল্লাহ আল গালিব। ৮০ বলে ৫০ রান করে গালিব আউট হওয়ার পর হঠাৎ ধস নামে রূপগঞ্জের ইনিংসে, ১২৬ থেকে ১৬৫ পর্যন্ত যেতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা।

কিন্তু একপ্রান্ত আগলে দলকে জয়ের দিকে এগিয়ে নেন মজিদ। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৩ রান, চার মেরে রূপগঞ্জকে দারুণ এক জয় এনে দেন মজিদ। এর আগে পারটেক্সকে অলআউট করার পথে ৩ উইকেট করে নেন মাহমুদুল হাসান ও আল আমিন জুনিয়র। পারটেক্সের হয়ে জয়রাজ শেখ ৭১ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন।

 

সহজ জয়ে পাঁচে অগ্রণী ব্যাংক

বিকেএসপির ৪ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৪৬ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে অগ্রণী ব্যাংক। ৮৫ বল খেলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম থামেন ৬৬ বলে ৫৩ রান করে।

রান তাড়া করতে নেমে শাইনপুকুরের হয়ে একাই লড়েছেন রায়ান রাফসান রহমান। শেষের দিকে অবশ্য সঙ্গী হিসেবে পান মিনহাজুল আবেদীনকে। ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর দুজন মিলে গড়েন অবিচ্ছিন্ন ১৪৫ রানের জুটি। কিন্তু ম্যাচটা জেতা হয়নি তাদের। রাফসান ১৩০ বলে অপরাজিত ১০৬ ও মিনহাজুল ৬১ বলে অপরাজিত ৫১ রান করলেও শাইনপুকুর পুরো ৫০ ওভার খেলে থেমে যায় ৫ উইকেটে ২৪৮ রান করে।

 

গুলশানকে জেতালেন ফরহাদ রেজা

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২৯১ রান তাড়া করতে নেমে ২ উইকেটে জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। ৯ উইকেটে ২৯০ রান করে ব্রাদার্স ইউনিয়ন। দলটির হয়ে ৭৫ বলে সর্বোচ্চ ৮৩ রান করেন বিশাল চৌধুরী। ৬১ বলে ৬৫ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে, ৫৬ বলে ৫০ রান করেন মিজানুর রহমানও।

গুলশান ক্রিকেট ক্লাবকে জিতিয়েছেন মূলত মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। ছয়ে নামা নাঈম ইসলাম করেন ৬০ বলে ৫০ ও সাতে নামা ইলিয়াস সানির অবদান ৬২ বলে ৫৩ রান। তবে শেষ পর্যন্ত ৩৬ বলে ৪৭ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আটে নামা ফরহাদ রেজা। ১৮ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে তাকে ভালো সঙ্গ দেন মেহেদী হাসান। ৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে গুলশান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা