প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৬:৪৮ পিএম
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অবিশ্বাস্য এক ইনিংস খেলে ইতিহাস গড়েছেন ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার। মঙ্গলবার সেন্ট গ্রেগরির বিপক্ষে ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছে। তৃতীয় উইকেটে তার সঙ্গে ৬৯৯ রানের জুটি গড়া সাদ পারভেজ খেলেন ২৫৬* রান। রেকর্ড গড়া এই ক্রিকেটারকে বিশেষ উপহার দিচ্ছেন লিটন দাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিটন বলেছেন, ‘স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের এমন দুর্দান্ত ইনিংস দেখে ভালো লাগছে। মুস্তাকিম হাওলাদারের ৪০৪ রান ও সাদ পারভেজের ২৫৬ রানের সঙ্গে ৪ উইকেট সত্যিই অসাধারণ। আমার ব্যাটিংয়ের প্রশংসা সাদ যেভাবে করেছে, তাতে সম্মানিত বোধ করছি।’
লিটন তাদের দুজনকে অনুপ্রেরণা জোগাতে গ্লাভস উপহার দিতে চেয়েছেন, ‘তাকে (সাদ) ও মুস্তাকিমকে দুই জোড়া গ্লাভস উপহার দিতে চাচ্ছি। তাদের স্বপ্নের পেছনে ছুটতে ও তাদের উন্নতিতে এটা অনুপ্রেরণা জোগাবে।’
মুস্তাকিমের রেকর্ডের দিনে সাদ দেখিয়েছে অলরাউন্ড নৈপুণ্য। অন্যদিকে ইতিহাস গড়া মুস্তাকিম খেলেছে ১৭০ বল। মুস্তাকিম-সাদ পারভেজের ম্যারাথন দুটি ইনিংসই ক্যামব্রিয়ানের ৭৩৮ রানের বিশাল জয়ের ভিত গড়ে দেয়। লক্ষ্য তাড়ায় ১১.৪ ওভারে সেন্ট গ্রেগরি গুটিয়ে যায় মাত্র ৩২ রানে। ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করা সাদ পারভেজ বল হাতে নিয়েছে চার উইকেট। এছাড়া মাত্র ১১ রানে ছয় উইকেট নেয় হাসান হৃদয়।