× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাচ বয়কটের হুমকি দিলেন আনচেলত্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৫:১৬ পিএম

ম্যাচ বয়কটের হুমকি দিলেন আনচেলত্তি

টানা ম্যাচ খেলার ধকল নিয়ে ফের সরব হয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। এমন সূচিকে ‘অযৌক্তিক ও অমানবিক’ আখ্যা দিয়ে ইতালিয়ান এই কোচ সরাসরি হুমকিই দিয়ে বসেছেন —ভবিষ্যতে এত কম সময়ের ব্যবধানে আর খেলবে না তার দল।

গত বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১২০ মিনিট খেলার পর টাইব্রেকারে জিতেছিল রিয়াল মাদ্রিদ। এরপর খুব একটা বিশ্রাম মেলেনি। গতকাল শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ম্যাচটায় কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভর করে ২-১ ব্যবধানে জয়ও পেয়েছে লস ব্লাঙ্কোসরা। 

তবে ম্যাচশেষে খেলার সূচি নিয়ে ক্ষোভ চাপা রাখেননি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এরপর থেকে দুই ম্যাচের মধ্যে ৭২ ঘণ্টার বিরতি না দিলে তার দল ম্যাচ বয়কট করবে। আনচেলত্তি বলেন, ‘আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে ম্যাচ খেলেছি। এখন থেকে যদি অন্তত ৭২ ঘণ্টার বিরতি না থাকে, তাহলে আমরা আর মাঠে নামব না।’

তিনি আরও জানান, সময়সূচি পরিবর্তনের অনুরোধ লা লিগা কর্তৃপক্ষকে দুবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ‘আমরা বারবার বলেছি, কিন্তু কেউ শোনেনি। এবার আমরা আর চুপ থাকব না।’ খানিক বিষ্ময় থেকেই ফের জানতে চাওয়া হয় ৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না? এরপরেই রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘না, কোনোমতেই খেলব না।’

বুধবার চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল-আতলেতিকো ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৯টায়। ১২০ মিনিটের খেলা আর টাইব্রেকার মিলিয়ে খেলা শেষ হয় রাত ১২টার পর। এরপরেই শনিবার স্থানীয় সময় সাড়ে ছয়টায় ভিয়ারিয়াল ম্যাচ। স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদের কোচ বেশ বিরক্ত পুরো বিষয়টি নিয়ে। তাই এই বক্তব্যের মধ্যে দিয়ে মাঠেই না আসার বার্তাটাও দিয়ে রেখেছেন কোচ আনচেলত্তি। 

টানা ম্যাচ খেলার ধকল কেবল কোচের নয়, খেলোয়াড়দের বিরক্তির কারণও। সম্প্রতি বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইন খেলোয়াড়দের ‘টাকার মেশিন’ বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। একইভাবে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া ও অন্যান্য তারকারাও ক্লান্তির কথা প্রকাশ করেছেন। অনেকে তো আগেভাগেই জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন বিশ্রামের খোঁজে।

এর আগে গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয়, ঘন সূচি নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সহায়তা চাইবে রিয়াল মাদ্রিদ। এমন কিছুর পুনরাবৃত্তি চায় না ৩৬ বারের লা লিগা চ্যাম্পিয়ন। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর লা লিগা পয়েন্ট তালিকায় রিয়াল শীর্ষে আছে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বার্সেলোনা দুটি ম্যাচ কম খেলেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা