× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত ম্যাচের জন্য প্রস্তুত বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৮:৩৬ পিএম

ভারত ম্যাচের জন্য প্রস্তুত বাংলাদেশ

ভারত ম্যাচের বাকি আর ১১ দিন। সৌদি আরবের তায়েফে কোচ হাভিয়ের কাবরেরার অধীনে নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ। লক্ষ্য এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের বিপক্ষে জয়। সে লক্ষ্যে এবার একটু আগেভাগেই সৌদিতে ক্যাম্প করছে লাল সবুজের প্রতিনিধিরা। সেখান থেকেই দলের সহকারী কোচ ও খেলোয়াড়েরা জানিয়েছেন ভারত ম্যাচের জন্য তারা প্রস্তুত, দারুণ কিছুর আশায় কাবরেরার দল।

ভারতের বিপক্ষে এবার বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটি খেলবে শিলংয়ে জওহর লাল নেহেরু স্টেডিয়ামে। সেখানকার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই সৌদির তায়েফের কন্ডিশন বেছে নিয়েছে বাংলাদেশ। বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) পাঠানো ভিডিও বার্তায় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন, ‘এই সপ্তাহটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, আজকে (শুক্রবার) ফোকাস করেছিলাম যে আমরা কীভাবে ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করেছি। পাশাপাশি ভারত কীভাবে অ্যাটাকিংয়ে যায় এবং আমাদের তাদের কীভাবে ব্লক করতে হবে, এ নিয়ে আমাদের ক্লাস হয়েছে।’

বাংলাদেশ দলে এবারই প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও ইতালির ফোর্থ টায়ারে খেলা ফাহমিদুল ইসলাম। ইতোমধ্যে দলের সঙ্গে সৌদিতে যোগ দিয়েছে লেফটব্যাক ফাহমিদুল। হামজারও দেশে আসার কথা আগামী ১৭ মার্চ। যে কারণে দলে বেড়েছে প্রতিযোগিতা, একাদশে সুযোগ পেতে খেলোয়াড়েরা দিচ্ছেন নিজেদের সর্বোচ্চটা। সহকারী কোচের কথাতেই তা পরিষ্কার, ‘সব কিছু মিলিয়ে ছেলেরা খুব হার্ডওয়ার্ক করছে, প্রত্যেকে তাদের সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করছে।’

শিলংয়ে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন মিডফিল্ডার মো. সোহেল রানা। ভিডিও বার্তায় বলেছেন, ‘অবশ্যই আমরা ভালো ট্রেনিং করেছি। এখানে ঠান্ডা ছিল বৃষ্টিও হয়েছে, শিলংয়ে গিয়ে আমরা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব। ভারত ম্যাচ নিয়ে আমাদের কোচিং স্টাফ আমাদের কী করতে হবে সেসব দেখিয়ে দিচ্ছে, আশা করি মাঠে আমরা এটার ছাপ রাখতে পারব।’

দলে নিজের স্থান জানান দিতে চান প্রথমবার কাবরেরার ৩০ জনের স্কোয়াডে ডাক পাওয়া ফরোয়ার্ড আরিফ হোসেন, ‘প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছি, সবার সঙ্গে এনজয় করছি। জাতীয় দলের অনুশীলন স্বাভাবিকভাবেই হার্ডওয়ার্ক করতে হয়, এসবের সঙ্গে মানিয়ে নিচ্ছি, সবাই খুব হেল্পফুল; আশা করছি, ভালো (ভারত ম্যাচে) কিছু হবে।’

এদিকে ভারত ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে যোগ দেবেন হামজা। জানা গেছে ১৭ মার্চ লন্ডন থেকে সরাসরি তিনি পৌঁবেন সিলেটে। সেখানে নিজের চাচার বাড়িতে যাবেন, এক রাত থেকে পরদিন ফিরবেন ঢাকায়। ফেডারেশন সূত্রে জানা গেছে ওই দিনই তাকে সংবর্ধনা দেবে বাফুফে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্ডারেরও ইচ্ছা ছিল ভারতে যাওয়ার আগে বাংলাদেশি সমর্থকদের সঙ্গে পরিচিত হওয়ার। বাফুফে তার চাওয়ামতো সেদিকেই হাঁটছে বলে জানা গেছে। সবকিছু অবশ্য এখনও নিশ্চিত নয়। 

অন্য এক সূত্রে জানা গেছে, হামজার সঙ্গে একই দিনে দেশের সমর্থকদের সঙ্গে বাফুফে পরিচয় করিয়ে দিতে চায় ইতালি থেকে আসা ফাহমিদুলকে। দলের সঙ্গে বর্তমানে তিনি আছেন সৌদি আরবের তায়েফে। দলের সঙ্গে তিনি ফিরবেন ১৮ মার্চ। এক দিনের বিরতির পর আগামী ২০ মার্চ ভারতের উদ্দেশে দেশ ছাড়বে কাবরেরার দল। তবে যাওয়ার আগে ৩০ জনের স্কোয়াড থেকে দুজন কমিয়ে ২৮ ফুটবলারকে নিয়ে শিলংয়ে যাবেন স্প্যানিশ কোচ কাবরেরা।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ পড়েছে এবার ‘সি’ গ্রুপে। জামাল ভূঁইয়াদের সঙ্গে এই গ্রুপে আরও আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। এই প্রতিযোগিতায় এর আগে একবারই কোয়ালিফাই করেছিল বাংলাদেশ। কাজী সালাহউদ্দিন ও আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুদের নিয়ে গড়া সেই দল প্রতিযোগিতায় সুযোগ পেয়েছিল ১৯৮০ সালে। ওই আসরে গ্রুপ পর্বের চার ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে হারা ম্যাচে কেবল সালাহউদ্দিন ও চুন্নুই বাংলাদেশের পক্ষে এই প্রতিযোগিতায় একটি করে গোল করেছিলেন।

প্রায় ৪৫ বছর পর এবার ফের এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের। হামজা, ফাহমিদুল, তারিক কাজী, রাকিব হোসেনরা পারবেন কি সেই স্বপ্ন পূরণ করতে? ততদূর যাওয়ার আগে প্রথম ম্যাচে ফোকাস বাংলাদেশ। আগামী ১৫ মার্চ জওহর লাল নেহেরু স্টেডিয়াম থেকে তৃপ্তির জয় নিয়ে ফিরতে পারবে তো বাংলাদেশ। প্রশ্নটা আপাতত তোলাই থাক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা