প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৯:০৩ পিএম
দক্ষিণ আফ্রিকায় সব ধরনের ও সর্বস্তরের ক্রিকেটেই রয়েছে বর্ণ কোটা নিয়ম। সেই নিয়ম ভঙ্গ করে একাদশ সাজিয়ে বিপদে পড়েছে দেশটির ঘরোয়া ক্রিকেটের ক্লাব ওয়ারিয়র্স। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে টুর্নামেন্ট ‘ওয়ান ডে কাপ’ এর প্লে-অফে উঠে গিয়েছিল ক্রিকেট ওয়ারিয়র্স। কিন্তু বর্ণ কোটার নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা পড়ে তাদের; তাতে এখন আর প্লে-অফ খেলতে পারছে না দলটি।
ঘটনাটি ঘটে গেল ফেব্রুয়ারির ১৬ তারিখে। সেদিন ডলফিনসের বিপক্ষে ম্যাচ ছিল ওয়ারিয়র্সের। ওই ম্যাচে ১২৬ রানে ডলফিনসকে হারানোয় ওয়ারিয়্স লিগ পর্ব শেষ করে পয়েন্ট টেবিলের তিনে থেকে। কিন্তু শাস্তি হিসেবে ৫ পয়েন্ট কাটা যাওয়ায় চারে নেমে গেছে পূর্ব কেপটাউনের দলটি। পয়েন্ট তালিকায় তাদের টপকে গেছে টাইটানস। সেই ম্যাচে হারা ডলফিনসকে দেওয়া হয়েছে ৪ পয়েন্ট। বাড়তি পয়েন্ট পেয়ে ডলফিন পয়েন্ট তালিকার দুইয়ে উঠে প্লে-অফ খেলার সুযোগ পেয়ে গেছে। পয়েন্ট কাটা ছাড়াও আর্থিক জরিমানাও করা হয়েছে ওয়ারিয়র্সকে। এই টুর্নামেন্টে প্রথম তিনটি দল প্লে-অফ খেলার সুযোগ পায়।
ডলফিনসের বিপক্ষে ওই ম্যাচে মাত্র দুজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান খেলোয়াড় রাখাতেই শাস্তি পেতে হলো ওয়ারিয়র্সকে। নিয়মানুযায়ী কমপক্ষে তিনজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান খেলোয়াড় একাদশে রাখা বাধ্যতামূলক। তবে পরিস্থিতির কারণে কোটা পূরণ করতে অপারগ হলে আগেভাগে তা বোর্ডকে জানালে অনুমতি পাওয়া যায়। ওয়ারিয়র্স সেই কাজ না করে হারিয়েছে পয়েন্ট।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নিয়ম অনুসারে একাদশে তিনজন কৃষ্ণাঙ্গ আফ্রিকানসহ ন্যূনতম ছয়জন মিশ্র বর্ণের খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। দেশটির জাতীয় মানতে হয় এই নিয়ম। ঘরোয়া টুর্নামেন্টের চেয়ে অবশ্য একটু অন্য রকম সেই নিয়ম। প্রতি ম্যাচের জন্য নয়, বরং পুরো মৌসুমে গড়ে কোটা পূরণ করা হলো কি না, সেটি দেখা হয়। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে এখন গড়ে প্রতি ম্যাচে দুজন কৃষ্ণাঙ্গ আফ্রিকানসহ মোট ছয়জন মিশ্র বর্ণের খেলোয়াড় থাকতে হয়।