বলছেন শহীদ আফ্রিদি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৪:৩৮ পিএম
ঘরের মাঠে ট্রফির মিশন শুরুতেই থেমেছে পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজও খুঁইয়েছে। সবমিলিয়ে পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করছেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির একহাত নিয়েছেন শহীদ আফ্রিদি।
পাকিস্তানের সাবেক এই অধিনায়কের দাবি ক্রিকেটই বোঝেন না পিসিবি চেয়ারম্যান। খেলাটি ভালো বোঝেন এমন ব্যক্তিদের নিয়ে কাজ করা উচিত তার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উন্নয়নযজ্ঞ চালানো হয়েছে। পিসিবির এই কাজের প্রশংসা করেছেন আফ্রিদি।
বুম বুম খ্যাত আফ্রিদি বলেছেন, ‘কয়েকদিন আগে লাহোরে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। গাদ্দাফি স্টেডিয়ামের মাঠ নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বেশ ভালো ও সুন্দর। তিনি কাজ করছেন এবং আরও কাজ করতে চান। কিন্তু তিনি এটাও বলেন যে, ক্রিকেট সম্পর্কে তিনি কিছুই জানেন না। যখন আপনি ক্রিকেট নিয়ে জানেন না, তখন আপনার উচিত ভালো, টেকনিক্যাল লোকদের সঙ্গে কাজ করা, যারা খেলাটির সঙ্গে যুক্ত।’
২০২৩ বিশ্বকাপের পর থেকেই পরিবর্তনের হাওয়া বইছে পাকিস্তানে। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টে ব্যপক পরিবর্তন আনা হয়েছে। বদল করা হয়েছে অধিনায়কও। তবে পাকিস্তান দলের পারফরম্যান্সে পরিবর্তন আসেনি তেমন। আফ্রিদির ধারণা পেশাদার ব্যক্তিদের অভাবেই উন্নতি হচ্ছে না পাকিস্তান দলের।