২২ জনের তালিকা প্রকাশ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২০:৩০ পিএম
শোনা যাচ্ছিল নাম সরিয়ে নেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়েছেনও। আজ সোমবার বিসিবির দেওয়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে নেই তার নাম। টাইগার ক্রিকেট বোর্ড এবার ক্যাটাগরিতে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছে। পাঁচ ক্যাটাগরিতে আছে মোট ২২ জন ক্রিকেটার। এ+ ক্যাটারগিতে আছেন কেবল তাসকিন আহমেদ।
গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। এ বছরের ফেব্রুয়ারির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানান মাহমুদউল্লাহ। ফলে ১ মার্চ থেকে চুক্তির বাইরে থাকবেন মাহমুদউল্লাহ। দীর্ঘ সময় পর তালিকায় জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান।
চুক্তিতে মুশফিকুর রহিমকে রাখা হয়েছিল 'এ' ক্যাটাগরিতে। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন সেটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল। তবে ওয়ানডে থেকে অবসর নেওয়ার কারণে তাকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। শুধুমাত্র টেস্ট খেলবেন মুশফিক।
‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। তাদের মাসিক বেতন ৮ লাখ টাকা। এ প্লাস ক্যাটাগরির তাসকিন পাবেন ১০ লক্ষ টাকা। বি ক্যাটাগরিতে আছেন সাতজন। তারা পাবেন ৬ লক্ষ টাকা বেতন।
কেন্দ্রীয় চুক্তির ‘সি’ ক্যাটাগরিতে আছেন ৮ ক্রিকেটার। তারা হলেন- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শেখ মাহেদী। তারা ৪ লাখ টাকা বেতনের ক্যাটাগরিতে আছেন। ‘ডি’ গ্রুপে থাকা দুই ক্রিকেটার হলেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। তারা ২ লাখ টাকা বেতন পাবেন।