প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ২০:৪৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫ ২০:৪৯ পিএম
প্রাইম ব্যাংকের রেকর্ড সংগ্রহের নায়ক নাঈম শেখ; ছবি: আ. ই. আলীম
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন নাঈম শেখ। বাঁহাতি এই ওপেনার ১২৫ বলে ১৮ চার ও ৮ ছক্কায় খেলেন ১৭৬ রানের ঝলমলে ইনিংস। তার সেঞ্চুরিতে ভর করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ উইকেটে ৪২২ রান করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ডিপিএল তো বটেই, সব মিলিয়ে বাংলাদেশের মাঠে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই দলীয় সর্বোচ্চ ইনিংস। প্রিমিয়ার লিগে আগের রেকর্ডটি ছিল আবাহনী লিমিটেডের। ২০১৮ সালের মার্চে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৩ রান করেছিল দেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে সফল দলটি।
তামিমের সেঞ্চুরিতে বড় জয় মোহামেডানের
আগের দুই ম্যাচে ইনিংস বড় করতে পারেননি তামিম ইকবাল। তবে ড্যাশিং এই ওপেনার সব ঝাল মেটালেন তৃতীয় রাউন্ডে। গতকাল রবিবার বিকেএসপির ৪ নম্বর মাঠে তামিম হাঁকান লিস্ট ‘এ’ক্রিকেটে ২৩তম সেঞ্চুরি। তার ১১২ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১২৫ রানের হার না মানা ইনিংসে ভর করে পারটেক্স স্পোর্টিং ক্লাবের দেওয়া ২১৯ রানের লক্ষ্য ৫৮ বল ও ৭ উইকেট হাতে রেখে অনায়াসে পেরিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

পারটেক্সের ইনিংসে ৮৬ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন আহরার আমিন। এ ছাড়া জাওয়াদ রোয়ান ৪৫ বলে ৪২ ও ওপেনার জয়রাজ শেখ ৫৬ বলে ৩৮ রান করেন। তবে তাদের এই রান দলের স্কোর খুব বেশি বড় করতে পারেনি। অল্প রান তাড়ায় ৩৫ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে মোহামেডান। ৪৩ বলে ৩৭ রান করে ফেরেন তাওহিদ হৃদয়ও। এরপরই মুশফিকুর রহিমের (৪৪ বলে ৩৫) সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। তাতেই শেষ পর্যন্ত ৪০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মোহামেডান। অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচসেরা হন তামিম।
বৃথা গেল আল-আমিনের সেঞ্চুরি
বিকেএসপির তিন নম্বর মাঠে ব্যাট হাতে আলো ছড়ালেও দলকে জেতাতে পারেননি আল-আমিন জুনিয়র। তার দুর্দান্ত সেঞ্চুরির পরও আবাহনী লিমিটেডের কাছে ৪ উইকেটে হেরেছে রূপগঞ্জ টাইগার্স। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ ৪৯.৪ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায়। ৮৯ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন অধিনায়ক আল-আমিন জুনিয়র। তার সঙ্গে ৪৭ বলে ৪৯ রান করেন ফয়সাল হোসেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটিতেই ঝড় তোলে আবাহনী। জিশান আলম ও পারভেজ হোসেন ইমন মাত্র ১১.১ ওভারে ৬২ রানের জুটি গড়েন। জিশান ৩৯ ও ইমন ৪৭ রান করেন। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন। ৬১ বলে ৬০ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ৩৮ বলে ৪৭ রানের ইনিংসে ভর করে ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আবাহনী। এই হারে তিন ম্যাচ শেষে এখনও জয়ের দেখা পায়নি রূপগঞ্জ টাইগার্স। অন্যদিকে ৩ ম্যাচে ২ জয় নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী।
প্রাইম ব্যাংকের বড় জয়
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাঈম শেখের বিধ্বংসী ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে ইতিহাস গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তার ১৭৬ রানের ইনিংসের সঙ্গে সাব্বির হোসেন (৭৩), আব্দুল্লাহ আল মামুন (৪০) ও সাজ্জাদুল হকের (৫০*) ঝড়ো ব্যাটিংয়ে ৪২২ রানের বিশাল সংগ্রহ পায় দলটি।

এমন বিশাল লক্ষ্যের সামনে দাঁড়িয়ে ব্রাদার্স ইউনিয়নের জয় পাওয়া ছিল প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত তাই হয়েছে। আইচ মোল্লার ৯৬ রানের লড়াকু ইনিংসের পরও ২৪৯ রানের বেশি তুলতে পারেনি ব্রাদার্স। ফলে ১৭৩ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক। ম্যাচসেরা হন নাঈম শেখ।