× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

মুখিমুখি দুই ‘ক’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৩:২৯ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে ট্রফির মিশনে এই ‘ক’তেই চোখ সবার

চ্যাম্পিয়নস ট্রফিতে ট্রফির মিশনে এই ‘ক’তেই চোখ সবার

বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনÑ বিশ্ব ক্রিকেটের দুই ‘ক’। ব্যঞ্জনবর্ণ যেমন ‘ক’ দিয়ে শুরু, তেমনই ভারত-নিউজিল্যান্ড ক্রিকেটের নাম নিলে প্রথমেই আসবে কোহলি ও উইলিয়ামসন। চ্যাম্পিয়নস ট্রফিতে ট্রফির মিশনে এই ‘ক’তেই চোখ সবার। আসরে সেই শুরু থেকেই দলকে টানছেন প্রশস্ত কাঁধে। ভারতকে গ্রুপসেরা করে সেমির বাধা টপকে শিরোপার মঞ্চে টেনে এনেছেন কোহলি। আরেক ‘ক’ কেন লিখেছেন প্রত্যাবর্তনের গল্প। দুর্দান্ত প্রত্যয়ে দলকে এনেছেন ফাইনালে। আজ দুবাইকে ভারত-নিউজিল্যান্ড ছাপিয়ে লড়াই চলবে দুই ‘ক’ এর মাঝেও। 

দুবাইয়ে আজ কে জিতবে, কার হাতে উঠবে শিরোপা। চায়ের টেবিলে এসব আলোচনার মাঝে হয়তো কেউ কেউ বলছেন, হবে নাকি কোহলির আরেকটি ‘মাস্টারক্লাস’? ঠান্ডা মাথায় কেন সাজাচ্ছেন নাকি কোনো মাস্টারপ্ল্যান? আজকের ম্যাচে দারুণ কিছু মাইলফলকের সামনে কোহলি-উইলিয়ামসন। প্রায় কাছাকাছি সময়ে ক্যারিয়ার শুরু করা এই দুই কিংবদন্তি ক্যারিয়ারের সায়াহ্নে। বিশেষ করে ‘ফ্যাব’ ফোরের একজন ইতোমধ্যে ওয়ানডে ক্যারিয়ারে ইতি টেনেছেন। স্মিথের দেখানো পথই অনুসরণ করতে পারেন উইলিয়ামসনও। সাদা-বলের ক্রিকেটে এটাই কিউই তারকার শেষ আইসিসি ইভেন্ট চলে এসেছে। তেমনই একটা আভাস পাওয়া যাচ্ছে।

নবম আসরের ফাইনাল ছাপিয়ে দুজনকে আলোচনায় টানার বেশ কিছু কারণ আছে বৈকি। দুজনের স্ট্যাটের দিকে আলোকপাত করলে সেটা স্পষ্ট হবে। আট জাতির টুর্নামেন্টে দুজনের একটি করে সেঞ্চুরি। ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন কোহলি। উইলিয়ামসনের সেঞ্চুরি আসে একদম বিপদের দিনে, প্রোটিয়াদের বিপক্ষে সেমিতে। গত পাঁচ মার্চ ১০২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এর আগের ম্যাচে ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলেন কিউই সাবেক অধিনায়ক। কোহলিরও ৮০ ঊর্ধ্ব একটি ইনিংস আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিতে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। 

আসরে কোহলির রান ২১৭। কোহলিকে আজ হাতছানি দিয়ে ডাকছে দারুণ এক মাইলফলক। সেটি হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ আছে ভারতের সাবেক অধিনায়কের। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের। ১৭ ম্যাচে ১৭ ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন ৭৯১ রান। কোহলি ১৭ ম্যাচে ১৬ ইনিংসে ৭৪৬ রান নিয়ে দুইয়ে। রেকর্ডটি নিজের করে নিতে কোহলির চাই আর ৪৬ রান। ফাইনালে অন্তত ৫৫ রান করতে পারলে আরেকটি মাইলফলকের দেখা পাবেন কোহলি। কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তখন দুইয়ে উঠে আসবেন তিনি। 

আসরে উইলিয়ামসনের রান-১৮৯। বৈশ্বিক আসরগুলোতে বিশেষ করে বিশ্বকাপ-চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে এখন পর্যন্ত ছয়টি ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। যার ৫টির জ্বলন্ত সাক্ষী উইলিয়ামসন। তবে হয়তো এবার তিনি থামছেন। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ব্যাট-প্যাড আলমারিতে তুলে রাখবেন তিনি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরই সাদা-বলে ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন কেন। এমনকি বার্ষিক চুক্তিও নিতে চাননি বলেই শোনা গেছে।

চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। উইলিয়ামসন মনে হয় না টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। তারপর ২০২৭ দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে বিশ্বকাপ। স্মিথ ঠিক করে নিয়েছিলেন ২০২৭ বিশ্বকাপ খেলবেন না। জুনিয়রদের জায়গা ছেড়ে দিতেই অস্ট্রেলিয়ার তারকা অবসরের সিদ্ধান্ত নেন। কেনের মাথাতেও নাকি সেই ভাবনাচিন্তাই ঘুরছে। তিনিও সম্ভবত দক্ষিণ আফ্রিকার ওই বিশ্বকাপ খেলবেন না। তবে ফাইনালের আগে এতকিছু ভাবতে চান না তিনি। উইলিয়ামসন বলছেন, ‘আমাদের যাবতীয় ফোকাস এখন শুধু ফাইনালের দিকে। দুবাইয়ে খেলা। প্রতিপক্ষ ভারত। এগুলোই সবই খুব বড় ফ্যাক্টর। আমরা অবশ্য দুবাইয়ে ভারতের বিরুদ্ধে একটা ম্যাচ খেলেছি। পাকিস্তান আর দুবাইয়ের কন্ডিশন সম্পূর্ণ আলাদা। সেই অনুযায়ী আমাদের সামনের দুটো-তিনটে দিন প্ল্যানিং করতে হবে।’ বোঝা গেল, ট্রফি জয়ের সঙ্গে তিনি অবসরের মুহূর্তটাও স্মরণীয় করে রাখতে চাইছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা