প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ২০:৪০ পিএম
লকি ফার্গুসন খেলতেই পারেননি। বেন সিয়ার্সও ছিটকে যান। চ্যাম্পিয়নস ট্রফিতে তাতেই শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড। তবে পেস ইউনিটের ঘাটতি বোঝাতে দেননি ম্যাট হেনরি। একাই সামলেছেন দায়িত্ব। তবে তাকে নিয়েই শঙ্কা। ভারতের বিপক্ষে ৯ মার্চের ফাইনালে হয়তো হেনরিকে পাবে না ব্ল্যাক ক্যাপসরা।
কিউইদের মূল পেস অস্ত্র ভুগছে কাঁধের চোটে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে চোট পান হেনরি। সেই চোট এখনও সারেনি। তারকা পেসারকে নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে কিউইরা। তবে অধিনায়ক মিচেল স্যান্টনার অপেক্ষা করবেন। হেনরি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। ১০ উইকেট নিয়েছেন ৪ ম্যাচে। এর মাঝে ভারতের বিপক্ষে পেয়েছিলেন ফাইফার।
আরেকবার ভারতের মুখোমুখি হওয়ার আগে সুস্থ হয়ে উঠবেন হেনরি, বিশ্বাস কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেডের, ‘আমার ধারণা ইতিবাচক কিছু পাওয়া যাবে তাকে (হেনরি) নিয়ে এবং সে সেখানে (ফাইনালে) বোলিং করবে। আমরা তার ওপর স্ক্যান করে দেখছি এবং তাকে এই ম্যাচে খেলানোর জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করব। তবে এই পর্যায়ে তাকে নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।’
চোট পাওয়ার ঘটনাটি প্রোটিয়াদের বিপক্ষে সেমিফাইনালের ২৯তম ওভারের চতুর্থ বলে। স্যান্টনারকে তুলে মেরেছিলেন ক্লাসেন। লংঅন থেকে দৌড়ে এসে ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান হেনরি।
কোচ স্টেড আশাবাদী ব্যথাটা বড় হলেও সেরে যাবে, ‘সে যেভাবে পড়েছে, তাতে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা থাকাটাই স্বাভাবিক। আশা করি, সে সুস্থ হয়ে যাবে।’ এর আগে স্যান্টনার বলেছিলেন, ‘হেনরির কাঁধের কী অবস্থা, সেটা দেখছি। কাঁধে একটু বেশিই ব্যথা পেয়েছে। আমাদের আরও দুই দিন আছে। দেখি কী হয়।’