প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৯:১৬ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫ ১৯:১৮ পিএম
ভারতের বিপক্ষে ম্যাচের বাকি আরও ১৮ দিন। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচ নিয়ে মাঠের বাইরের উত্তেজনা এখনই চরমে। সেটির কারণ ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রির অবসর ভেঙে ফেরা। বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে দল ঘোষণা করেছে ভারত। সেখানে রাখা হয়েছে ছেত্রিকে। তার ফেরা নিয়ে নানা মত বাংলাদেশর ফুটবল অঙ্গনে। প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও দলের অন্যান্য খেলোয়াড়েরা এটাকে মনে করছেন সাধারণ ঘটনা। দুই দলের মাঠের লড়াইয়ে একাধিকবার ব্যবধান গড়ে দেওয়া ছেত্রির ফেরাতে চাপ নিচ্ছে না বাংলাদেশ।
আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহর লাল নেহেরু স্টেডিয়ামে গড়াবে দুই দলের মধ্যকার ম্যাচটি। সেখানকার আবহাওয়ার কথা বিবেচনা করে বর্তমানে সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্প করছে কাবরেরা দল। প্রথম দিন মাঠের অনুশীলনের পর আজ শুক্রবার সকালে আধা ঘন্টার জিম সেশন করে পুরো দল। এরপর সংবাদমাধ্যমের উদ্দেশে কথা বলেছেন দলটির কোচ কাবরেরা, ডিফেন্ডার সাদ উদ্দিন ও ফরোয়ার্ড শেখ মোরছালিন। বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) পাঠানো ভিডিও বার্তায় দেখা গেছে সবাই কথা বলেছেন ভারতীয় তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রিকে নিয়ে।
গতকাল বৃহস্পতিবার রাতেই সুনীল ছেত্রি অবসর ভেঙে ফিরেছেন ভারতীয় স্কোয়াডে। অনেকেই এটাকে বলছেন বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ ভেবেই ছেত্রিকে ফিরিয়ে ভারত। বিশেষকরে বাংলাদেশ দলে আছে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা দেওয়ান চৌধুরী ও ইতালিয়ান ফোর্থ টায়ালের একটি লিগে খেলা ফাহমেদুল ইসলাম। যদিও বাংলাদেশ দল ছেত্রির ফেরা নিয়ে খুব একটা চাপ নিচ্ছে না।

ছেত্রির বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে জানিয়ে সাদ উদ্দিন বলেছেন, ‘সুনিল ছেত্রি ফেরাটা আমাদের জন্য চাপের কিছু নেই। ফুটবলে এটা সাধারণ ঘটনা। তার বিপক্ষে এর আগেও অনেকবার ম্যাচ খেলেছি। ওর বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। তাই এটা আমাদের জন্য বড় কোনো সমস্যা নয়। যদিও এটা সত্যি সে অনেক ভালো খেলোয়াড়, তার বিপক্ষে খেলাটা দারুণ হবে।’ এরপর সেখানকরা অনুশীলন নিয়ে সাদ উদ্দিন বলেছেন, ‘অনেক ভালো প্রস্তুতি হচ্ছে। আর ভারত ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব খেলোয়াড়ই চায় ভালো করতে চায়। দলগতভাবে কিংবা ব্যক্তিগতভাবে ভালো করার ইচ্ছা সবার মধ্যে। সুযোগ পেলে গোল করার চেষ্টা করব।’
এদিকে, ছেত্রিরে ফেরাতে কোনো কিছুই বদলায়নি বলে মনে করেন বাংলাদেশ কোচ কাবরেরা। তবে তাকে সমীহ করেই বলেছেন বাংলাদেশ ম্যাচ জিততে মরিয়া, ‘আমাদের জন্য কিছুই বদলায়নি। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে বেশি মনোযোগি। মূলত আমরা কতটা ভালো পারফর্ম করতে পারি সেদিকেই ফোকাস। স্পষ্টতই সুনীল ছেত্রি ফিরছে… তাকে সবাই জানে, সে খুব ভালো করেছে... তবে এটা (অবসর ভেঙে ফেরা) আসলে স্বাভাবিক। তারা (ভারত) তাকে আবার ডাকার সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় এটি তাদের জন্য আরও উত্তেজনাপূর্ণ এবং অনুপ্রেরণামূলক হবে।’

এরপর সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প নিয়ে কোচ কাবরেরা ভাষ্য, ‘খুব ভালো, সত্যি বলতে, প্রশিক্ষণ মাঠ গত বছরের তুলনায় উন্নত মানের, সেরা সুযোগ-সুবিধা, এখন আমরা ম্যাচ প্র্যাকটিসে মনোযোগ দেবো। আশা করি আমরা যে তিনটি ম্যাচ অনুশীলন করতে চাই তা করতে পারব এবং এটিই হবে আমাদের জন্য আদর্শ প্রস্তুতি।’
ছেত্রির ফেরায় মোরছালিনের জন্য আরও ভালো হয়েছে বলে মনে হচ্ছে, ‘আমার ব্যক্তিগত মতামতÑ সে (সুনিল ছেত্রি) আসাতে ভালো হয়েছে, সে না থাকলে হয়ত এটা পূর্ণতা পেত না।’ ‘আমাদের প্রস্তুতি ভালো চলছে, বিশেষকরে এখানকার সুযোগ-সুবিধা, ইকুপমেন্ট সবই ভালো। আর ভারতের বিপক্ষে এটা আমার প্রথম ম্যাচ হবে। যেভাবেই হোক আমাদের ম্যাচটা আমাদের জিততে হবে। কারণ ওদের আগে থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি, সব কিছু আমাদের অ্যাডভান্টেজে আছে।’ যোগ করেন মোরছালিন।