প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ০৫:০০ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫ ১১:০৪ এএম
আগামী ৫ আগস্ট শুরু হবে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ। আট দলের টুর্নামেন্টের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট ১২ মার্চ হবে। আসন্ন আসরে খেলতে নাম জমা দিয়েছেন ৬২০ ক্রিকেটার। এদের মধ্যে ইংল্যান্ডের ক্রিকেটার আছেন ২৭০ জন ও বিদেশি ৩৫০ জন। যেখানে নিবন্ধন করেছেন ২৮ জন বাংলাদেশি ক্রিকেটার।
বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাম দিয়েছেন সাকিব আল হাসান। তার ভিত্তিমূল্য ১ লাখ ২০ হাজার পাউন্ড। সাকিবের পরে সবচেয়ে বেশি ভিত্তিমূল্যে নাম জমা দিয়েছেন রিশাদ হোসেন। তার ভিত্তিমূল্য ৬৩ হাজার পাউন্ড। পরের স্থানে আছেন তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস ও শেখ মেহেদী। এ তিনজনই ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে নাম তুলেছেন। এর পরে আছেন চার তরুণ তারকা তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। তাদের ভিত্তিমূল্য ৪১ হাজার ৫০০ পাউন্ড।
এর বাইরে ড্রাফটে ভিত্তিমূল্য ছাড়াই নাম দিয়েছেন ১৯ ক্রিকেটার। তারা হলেন এবাদত হোসেন, শামীম হোসেন, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনীক, এনামুল হক বিজয়, জাকির হাসান, সাইফ হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুয়েল মিয়া ও রনি তালুকদার।