প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৩:০৭ পিএম
ওয়ানডে ক্রিকেট বিদায় বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ৩৫ বছর বয়সী এই ব্যাটার শেষবারের মতো অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। একদিনের ক্রিকেট ছাড়লেও বাকি দুই ফরম্যাটে খেলে যাবেন সময়ের সেরা এই ব্যাটার।
বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) পাঠানো একটি বিবৃতিতে পঞ্চাশ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন স্মিথ। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ভাঙাচোরা দল নিয়ে পাকিস্তানে এসেছিলেন তিনি। আট জাতির লড়াইয়ে সেমি পর্যন্ত এনেছিলেন।
দুবাইতে ভারতের বিপক্ষে হারের পরই ড্রেসিংরুমে স্মিথ জানিয়ে দেন, ওয়ানডে ক্রিকেট আর খেলবে না। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া আজ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। অজিদের হয়ে ২০১০ সালে অভিষেক হয় স্মিথের। লেগ স্পিনিং অলরাউন্ডার হিসাবে শুরু। সময়ের ক্রমে তিনি হয়ে ওঠেন ওয়ানডেতে অন্যতম সেরা ব্যাটার।
অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ১৭০টি ওয়ানডে খেলেছেন স্মিথ। রান করেছেন ৫ হাজার ৮০০ রান। ১২টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরির মালিক। ওয়ানডেতে গড় ৪৩.২৮। সঙ্গে ২৮টি উইকেটও রয়েছে।
২০১৫ এবং ২০২৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে এক দিনের বিশ্বকাপ জিতেছেন স্মিথ। মাইকেল ক্লার্কের পর তিনিই এক দিনের ক্রিকেটে অধিনায়ক হন। পরে বল বিকৃতি কাণ্ডে অধিনায়কত্ব হারান। দুই বছর পর আবার নেতৃত্ব দেওয়ার জন্য বিবেচিত হন। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের জন্য খেলতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন স্মিথ।
স্মিথ দলকে ৬৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৩২টি এবং হেরেছেন ২৮টি। নেতৃত্বে থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন। তবে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাবেন সময়ের সেরা এই ব্যাটার।