× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

শিরোপার মঞ্চ নিশ্চিতের লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ০৮:৫৪ এএম

শিরোপার মঞ্চ নিশ্চিতের লড়াই

এক ফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেছে। এবার আরেকটি খোঁজার পালা। চ্যাম্পিয়নস ট্রফির শেষের লড়াইয়ে টিকবে কোন দুদল, তা জানতে অপেক্ষা করতে হবে আরেকটি দিন। আজ বুধবার বেলা ৩টায় শিরোপার মঞ্চের দুর্বার দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। খেলাটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

দীর্ঘ ১৯ বছর পর চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হচ্ছে এই দুদল। ২৭ বছর পর আসরের ফাইনালে ওঠার সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। প্রোটিয়াদের হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্ন নিউজিল্যান্ডের। ২০০৬ সালে সর্বশেষ কিউইদের মুখোমুখি হয়েছিল প্রোটিয়ারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বৃষ্টির শঙ্কা নেই। এই মাঠে এ বছর পাঁচটি ওয়ানডেতে স্কোর ৩০০ ছাড়িয়েছে। দ্বিতীয় সেমিতেও দেখা যাবে রানের খেলা।

পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ৭৩ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। জয়ের পাল্লা ভারী প্রোটিয়াদের দিকে। ৪২ ম্যাচ জিতেছে তারা। ২৬ ম্যাচে জয় আছে নিউজিল্যান্ডের। ৫ ম্যাচ পরিত্যক্ত হয়। এবারের আসরে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট পায় দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে জয় পায় প্রোটিয়ারা। ১৯৯৮ সালে প্রথম আসরেই সেমির স্বাদ নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় দলটি। এরপর ২০০০, ২০০২, ২০০৬ ও ২০১৩ সালে শেষ চার থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। তাই ২৭ বছর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলতে না পারার বন্ধ্যত্ব ঘোচাতে চায় দক্ষিণ আফ্রিকা। 

দলের অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘এই টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। এরপর আর কখনও সেমিফাইনাল বাধা টপকাতে পারেনি প্রোটিয়ারা। এবার আমাদের সামনে ফাইনালে ওঠার সেরা সুযোগ। আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না।’

নিউজিল্যান্ডকে সমীহ করে বাভুমা বলেন, ‘টুর্নামেন্টে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল নিউজিল্যান্ড। তাদের হারানো কঠিন। গ্রুপ পর্বে ভালো ক্রিকেট খেলেছে তারা। জয় পেতে হলে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে এবং মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে।’

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমির মঞ্চে নাম লেখায় নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশকে হারালেও শেষ ম্যাচে ভারতের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয় কিউইরা। এই নিয়ে চতুর্থবার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলছে নিউজিল্যান্ড। ২০০০ সালে দ্বিতীয় আসরে প্রথমবার সেমিতে উঠেই শিরোপা জিতে নেয় কিউইরা। এরপর ২০০৬ সালে সেমিফাইনাল এবং ২০০৯ সালে ফাইনাল খেলে রানার্সআপ হয় ব্ল্যাক-ক্যাপসরা।

১৬ বছর পর আবারও ফাইনালে খেলার হাতছানি নিউজিল্যান্ডের সামনে। এবার ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী কিউইরা। দলের উইকেটরক্ষক ব্যাটার টম লাথাম বলেন, ‘আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠার সেরা সুযোগ আমাদের সামনে। আমরা জানি এই পর্যায়ে পৌঁছানোর জন্য কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমরা জানি দক্ষিণ আফ্রিকা কতটা শক্তিশালী দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দারুন পারফরম্যান্স করে তারা সেমিতে এসেছে। আমি নিশ্চিত, জমজমাট লড়াই হবে।’

চ্যাম্পিয়নস ট্রফির আগেই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। সিরিজে লিগ পর্বে দেখা হয়েছিল দুদলের। লাহোরে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ৩০৫ রানের টার্গেট স্পর্শ করে ৬ উইকেটে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। ওই জয় থেকে আত্মবিশ্বাস পাচ্ছে কিউইরা।

সেই স্মৃতি স্মরণ করে লাথাম বলেন, ‘আমরা ভাগ্যবান চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছি। ওই টুর্নামেন্টের অভিজ্ঞতা এবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সহায়ক হবে। আমরা ওই ম্যাচ থেকে বিভিন্ন তথ্য নিয়ে পরিকল্পনা সাজাতে পারব।’

মুখোমুখি : ৭৩ বার

দক্ষিণ আফ্রিকা : ৪২

নিউজিল্যান্ড : ২৬

পরিত্যক্ত : ৫

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা