প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১২:০৭ পিএম
৫ আগস্টের পর বাংলাদেশে আসা হয়নি সাকিব আল হাসানের। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারকা ক্রিকেটার আছেন দলের বাইরে। একরকম বলা যায় আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ। সেই সাথে সাকিবের চার মাসের পারিশ্রমিকও আটকে রয়েছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকলেও ২০২৪ সালের শেষ চার মাসের বেতনভাতা পাননি সাবেক এই অধিনায়ক।
অবশ্য এর কারণও আছে। সাকিবের ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে। ট্যাক্স বাদ দিয়ে এই অঙ্কটা প্রায় ৪৮ লাখ টাকার মতো ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির এক কর্তা।
সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার মামলায় তার বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা। পাশাপাশি জব্দ করা হয়েছে তার ব্যাংক হিসাবও। তাহলে বেতনের ৪৮ লাখ টাকা কীভাবে পাবেন সাকিব?
এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ‘ক্রিকবাজকে’ বলেছেন,‘চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে সে। আপনি খেলুন বা নাই খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’
বিসিবির ১৮তম বোর্ড সভায় নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানো নিয়ে আলোচনা করেছেন বিসিবি পরিচালকরা। সব ফরম্যাটে বেতন বাড়লেও টেস্টকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন নাজমুল আবেদীন, ‘পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণটা অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্য দিয়ে ওদের আগ্রহটা আমরা ধরে রাখতে চাই।’
যেসব ক্রিকেটার শুধু টেস্ট ফরম্যাটে খেলেন তাদের সুরক্ষার ব্যবস্থা করছেন জানিয়ে ফাহিম বলেন, ‘বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের সুরক্ষার ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা শুধুই টেস্ট ক্রিকেট খেলে। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তারা যেন নিরাপদ অনুভব করে। তারা যেন একই সংস্করণ থেকে আরেক সংস্করণে যাওয়ার চিন্তাটা কম করে।’