প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১১:১১ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫ ১১:৩৩ এএম
রোহিত শর্মার অধিনায়কত্ব ও ফিটনেস নিয়ে প্রশ্ন তোলায় ভারতের কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদের ওপর চটেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সেক্রেটারি দেবাজিত সাইকিয়া। তিনি জানান, চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে দায়িত্ববান ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য খুবই দুঃখজনক।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত সেমিফাইনালে উঠেছে। আজ মঙ্গলবার দুবাইতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দলটি।
এ ম্যাচের আগে পিটিআইকে সাইকিয়া বলেন, ‘আইসিসির গুরুত্বপূর্ণ ইভেন্ট চলাকালে দায়িত্ববান ব্যক্তির কাছ থেকে এ ধরনের আচরণ খুবই মর্মাহত করে। এটা ব্যক্তি বা দলের ওপর প্রভাব ফেলতে পারে।’
এর আগে গতকাল সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করেন শামা। যেখানে তিনি লেখেন, ‘রোহিত শর্মা একজন মোটা ক্রীড়াবিদ। তাকে ওজন কমাতে হবে। তিনি ভারতের সবচেয়ে আকর্ষণহীন অধিনায়ক।’
শামার মন্তব্য নিয়ে শুধু রোহিতভক্তরাই ক্ষুব্ধ নন, বরং বিজেপি সমর্থকরাও কংগ্রেসকে তুলাধুনা করছেন। কেউ কেউ কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলছেন, ‘নিজেদের অবস্থান না দেখে ক্রিকেটারদের নিয়ে কথা বলছেন!’
সমালোচনার মুখে শেষ পর্যন্ত শামা তার বিতর্কিত টুইট মুছে ফেললেও বিতর্ক থামেনি। কংগ্রেসের কোনো শীর্ষ নেতা এ নিয়ে এখনও মন্তব্য করেননি, তবে শামার এ কটাক্ষ যে দলকে অস্বস্তিতে ফেলেছে, তা স্পষ্ট।