নারী ফুটবল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১১:৪৬ এএম
দুবাইয়ে দুই ম্যাচ প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ৩-১ গোলে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তরুণ ফুটবলারদের সমন্বয়ে গড়া নতুন দল নিয়ে হারের পর অধিনায়ক আফঈদা খন্দকার ও বৃটিশ কোচ পিটার জেমস বাটলার দু’জনই হার থেকে শিক্ষণীয় বিষয় খুঁজছেন। আজ সেই শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি।
এর আগে ১৮ জন সিনিয়র ফুটবলারের বিদ্রোহে নতুন এক দল নিয়ে দুবাই যান পিটার বাটলার। সাবিনা খাতুন, কৃষ্ণা রানীদের ছাড়া নতুনদের নিয়ে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে অবশ্য কোনো অজুহাত দিতে চাইছেন না এই বৃটিশ কোচ। উল্টো শক্তিশালী আমিরাতের সঙ্গে মেয়েদের লড়াইয়ের মনোভাবের প্রশংসা করেছেন। তার বিশ্বাস ওই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ভালো খেলবে মেয়েরা।
আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচটি ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলির টায়ার-১ হলেও দ্বিতীয়টি অনুশীলন ম্যাচ হিসেবে বিবেচিত হবে। যা এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন পিটার বাটলার। ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। এ বছরের ২৩ জুন থেকে ৫ জুলাই হবে টুর্নামেন্টের বাছাই। এখন দেখার অপেক্ষা, দ্বিতীয় ম্যাচে কেমন করেন বাটলারের শিষ্যরা।