× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

‘আর কেউ হালকাভাবে নেবে না আফগানদের’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৩ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৬ পিএম

আফগান্তিানের জয়ে বেজায় খুশি জোনাথন ট্রট

আফগান্তিানের জয়ে বেজায় খুশি জোনাথন ট্রট

বৈশ্বিক কোনো টুর্নামেন্ট এলেই জায়ান্ট কিলিংয়ে মেতে ওঠে আফগানিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতেও ব্যত্যয় ঘটেনি। গতকাল বুধবার লাহোরে ইংল্যান্ডকে রীতিমতো মাটিতে নামিয়েছে আফগানরা। মোহাম্মদ নবি-রশিদ খানদের কাছে ৮ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইংলিশরা। এ জয় বড় টনিক হিসেবে কাজ করছে সাবকন্টিনেন্ট ক্রিকেট উন্নয়নশীল দেশটির। দলের প্রধান কোচ জোনাথন ট্রট বলছেন সে কথাই। একই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন ভিন্ন কথাও। বলেছেন, এখন থেকে আর কেউ আফগানদের হালকাভাবে নেবে না। 

লাহোরের বাঁচামরার  ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩২৫ রান তুলে আফগানিস্তান। ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে এসেছে ১৪৬ বলে ১৭৭ রানের দারুণ এক ইনিংস। যা এ আসরের সর্বোচ্চ তো বটে,  চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসেও সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।  জয়ের জন্য শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেনি ইংল্যান্ড।

আফগানিস্তানের জয়ের পর  কোচ ট্রট বলেছেন, ‘বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং (কাল রাতে) এখন যা ঘটল, খেলোয়াড়দের বলেছি; আফগানিস্তানকে আর কেউ কখনো হালকাভাবে নেবে না।’তিনি যোগ করেন, ‘আগে সবাই আমাদের ম্যাচের দিকে তাকিয়ে হয়ত ভেবেছেন, ইতিহাস-ঐতিহ্য আছে এমন কোনো টেস্ট দলের মুখোমুখি হওয়ার চেয়ে এটা সহজ। কিন্তু এই সংস্করণ এবং এই কন্ডিশনে, সেটা আমি মনে করি না। আমি মনে করি, আমাদের খেলা সব ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জয়ের লক্ষ্য নিয়ে সব ম্যাচে নামি। অস্ট্রেলিয়াও আমাদের হালকাভাবে নেবে না।’

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। এ ম্যাচ নিয়ে ট্রট বলেছেন, ‘আমি কোচের দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনবার খেলেছি। প্রতি ম্যাচেই আমরা লড়াই করেছি। খেলোয়াড়দের (কাল রাত) আজ রাতটা উপভোগ করতে বলব। আগামীকাল (আজ) ঘুম থেকে ওঠার পর এটা নিশ্চিত করব, তারা যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্রুত প্রস্তুত হয়ে ওঠে। এখন অস্ট্রেলিয়া ম্যাচেই মনোযোগ, খেলোয়াড়দের ভাবনা এটাই এবং আমি সমর্থকদেরও সে কথাই বলব।’

ইংল্যান্ডকে হারানোর এই রাত খেলোয়াড়েরা ভুলতে পারবেন না বলে মনে করেন ট্রট, ‘খেলোয়াড়দের জন্য এটা বিশাল অভিজ্ঞতা এবং এমন সব রাত তারা ভুলতে পারবে না বলে মনে করি। আইসিসি ইভেন্টে এমন আরও রাত এসেছে আমাদের জন্য এবং সেগুলো শুক্রবারের ম্যাচের জন্য আত্মবিশ্বাস জোগাবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা