× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অজুহাত দিতে চান না সালাউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২০ এএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৭ এএম

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন

বৈশ্বিক টুর্নামেন্ট আসে যায়। বাংলাদেশের গল্প প্রায় একই থেকে যায়। অজুহাতের ফিরিস্তি নিয়ে হাজির হন অধিনায়ক-কোচ কিংবা টিম ম্যানেজমেন্টে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে অধিনায়ক নাজমুল হোসেন বলেছিলেন, ট্রফি নিয়েই তবে ফিরব। সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, ‘ছেলেরা প্রাণবন্ত। ভালো কিছু হবে এবার।’ কড়া প্রতিবাদ করেছিলেন বাংলাদেশ নিয়ে এক সমালোচকের মন্তব্যের।

অধিনায়ক-কোচ যতই কথার ফুলঝুরি ফোটান না কেন, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রাপ্তি একদমই শূন্য। দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে শান্তর দল। আজ নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে। তার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রস্তুতি ঘাটতির কথা উল্লেখ করে কোচ সালাউদ্দিন বলেন, ‘আমি শুধু এতটুকু বলব আমাদের হয়তো প্রস্তুতিটা খুব ভালো হয়নি। আমি মনে করি এটা একটা বড় ধরনের ফ্যাক্টর ছিল। আসলে অজুহাত দিতে চাই না। কারণ আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসবেন তখন আপনাকে তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। আপনি হয়তো টেস্ট খেলবেন, সঙ্গে আপনাকে টি-টোয়েন্টি, ওয়ানডেতেও খেলতে হতে পারে।’

দ্রুতই ওয়ানডেতে মানিয়ে নেওয়া দরকার ছিল উল্লেখ করে সালাউদ্দিন বলেন, ‘এটা কোনো অজুহাত না। আমি অজুহাতও দিতে চাই না। দ্রুতই মানিয়ে নেওয়া দরকার ছিল, এ জায়গায় বড় মিস হয়ে গেছে। একটা সংস্করণ থেকে অন্য একটা সংস্করণে কীভাবে যে মানিয়ে নিতে হয় এগুলোর যে মানসিক দিক আছে সেগুলো তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। তাহলে এ পর্যায়ে আমাদের ভালো হবে।’

অন্যদের সঙ্গে নিজেদের প্রস্তুতির পার্থক্য দেখিয়ে সালাউদ্দিন বলেন, ‘আপনি যদি দেখেন এ টুর্নামেন্ট খেলতে আসার আগে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে। তারা এসেছে একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছে, পাকিস্তানে এসে যদি ত্রিদেশীয় সিরিজ খেলতাম সেখানে একটা প্রস্তুতির বিষয় আছে। ভারত, ইংল্যান্ডও কিন্তু ৫০ ওভারের প্রস্তুতি নিয়েছে। আমরা কিন্তু সে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি।’

এর পরই বোর্ডের পরিকল্পনার বিষয়টিও সামনে আনেন দেশের অন্যতম সেরা এই কোচ, ‘আমরা একটা বিপিএল খেলার পরই দুই দিন পর ফ্লাই করেছি। প্রস্তুতি একটা বড় ব্যাপার। পরিকল্পনাটা কীভাবে করবেন এটা শুধু খেলোয়াড় না, আমরা যারা ম্যানেজমেন্টে আছি তাদেরও সেভাবে চিন্তা করতে হবে। যারা বোর্ডে আছে তাদেরও সেভাবে চিন্তা করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা