× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা প্রীতি ম্যাচ

নতুন বাংলাদেশের আজ নতুন লড়াই

আফঈদাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০১ এএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৩ এএম

আমিরাতে গতকাল মঙ্গলবার পৌছেই স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় অনুশীলন করেছেন নারী দলের ফুটবলাররা। ছবি : বাফুফে

আমিরাতে গতকাল মঙ্গলবার পৌছেই স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় অনুশীলন করেছেন নারী দলের ফুটবলাররা। ছবি : বাফুফে

কী একটা টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়েই না গেল দেশের নারী ফুটবল! টানা দুইবার সাফ শিরোপা জেতার পরও সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডাদের নিয়ে গড়া সুখী দলটি গেল ভাঙাচুরার মধ্য দিয়ে। কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন সাফজয়ী দলের শীর্ষ পর্যায়ের ১৮ জন খেলোয়াড়। যে কারণে তাদেরকে বাদ দিয়েই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমায় পিটার জেমস বাটলারের গড়া ২৩ সদস্যের ‘নতুন বাংলাদেশ’। আজ রাত সাড়ে ৯টায় আমিরাতের বিপক্ষে মাঠে নামবেন আফঈদা খাতুনরা।


আমিরাতে ম্যাচ খেলার এক দিন আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টায়  পৌঁছে বাংলাদেশ দল। এরপর বিশ্রাম নিয়ে রাত সাড়ে নয়টায় মাঠের অনুশীলন করে পুরো দল। সেখানকার আবহাওয়ার সঙ্গে সে অর্থে মানিয়ে নেওয়ার সময় পায়নি বাংলাদেশ। তবে দেশে থাকতে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও ব্রাদার্স ইউনিয়নের মাঠে বাটলারের অধীনে অনুশীলন করেছেন আফঈদারা।

কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে অনুশীলনের ঘাটতির কথা বলেছেন বাটলার, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারিনি। আরও সময় পেলে ভালো হতো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সেখানে (আরব আমিরাতে) যাচ্ছি এবং যাদের নেওয়া হয়েছে, তারা সুযোগ পাচ্ছে।’ 

বাটলারের এই দলে সর্বশেষ সাফজয়ী স্কোয়াডের আছেন স্রেফ ৮ জন। জাতীয় দলে পুরোপুরি নতুন মুখও ৮ জন। বেশিরভাগ তরুণ খেলোয়াড়ের অবশ্য বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। নতুন দলের জন্য আমিরাত সফর কেমন হবে, তা দেখার বিষয়।

তবে আশাবাদী কোচ, দেশ ছাড়ার আগে গেল রবিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা যে পর্যায়ে আছি, তা নিয়ে আমাদের বাস্তববাদী হতে হবে। এ দলটা নতুন, ধৈর্য ধরতে হবে। তাদের ওপর অনেক আস্থা আছে আমার।’


আফঈদা-শাহেদা আক্তার রিপাদের ওপর আস্থা রেখেই কোচের চোখ জয়ে। তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে কিছুটা শক্ত প্রতিপক্ষ হলেও আমিরাতকে হারানোর আত্মবিশ্বাস আছে ব্রিটিশ কোচের, ‘আমরা সবাই জিততে চাই। আমি নিজেও যেকোনো খেলায় জয়ের জন্যই নামি। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। প্রত্যাশার মাত্রাটা অনেকটাই সংবাদমাধ্যমের ওপর নির্ভর করছে। এই মেয়েরা তরুণ। ভবিষ্যতের জন্যই এই নতুন দল গড়া। এখানে মেয়েদের সুযোগ দেওয়াটাই আসল।’

কিন্তু আমিরাতের বিপক্ষে জেতাটা যে মোটেও সহজ হবে না তা বলাই যায়। কেননা কাগজেকলমে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে তারা। বিশেষ করে বর্তমান ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে আরব আমিরাত। যেখানে বাংলাদেশের র‌্যাংকিং ১৩২, আমিরাতের ১১৬।

নতুনদের সুযোগ পাওয়ার মতো এবারই প্রথমবার সিনিয়র দলের অধিনায়ক হয়েছেন আফঈদা। আমিরাতের বিপক্ষে সরাসরি জেতার কথা না বললেও ভালো খেলার ব্যাপারে আশার কথা শুনিয়েছেন বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এই ডিফেন্ডার, ‘আমাদের ফরোয়ার্ড লাইন ভালো। ডিফেন্স, মিডফিল্ডও ভালো। আমাদের পুরা দলটাই ভালো। ইনশাল্লাহ আমরা ভালো ফল করেই দেশে ফিরব।’


দলকে উদ্দীপ্ত করতে বাফুফের পক্ষ থেকে মঙ্গলবার দুবাইয়ে গেছেন ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। কথা বলেছেন দলের সঙ্গে। এরপর বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আপনারা জানেন দলে অনেক নতুন খেলোয়াড় এসেছে। তাদেরকে প্রণোদিত করতেই আমি এসেছি। এটি তাদের জন্য চমৎকার একটি অভিজ্ঞতা, একই সঙ্গে বিরল সুযোগ। আমরা দলের সঙ্গে কথা বলেছি। তারা খুবই মোটিভেটেট হয়েছে, আমরা খুবই আশাবাদী তারা খুব ভালো খেলবে এবং আমাদের ভালো ফল এনে দেবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা