চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৮ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৫ পিএম
টপ অর্ডার দুর্দান্ত শুরু করেছিল। কিন্তু খেই হারায় মিডল অর্ডার। ৯৭ রান পর্যন্ত ২ উইকেট নিয়ে খেলা বাংলাদেশ পরের ২০ রান তুলতে হারায় আরও ৩ উইকেট। দায়িত্বহীন শটে ফিরেছেন মুশফিকুর রহিম। দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদও পারেননি ইনিংস বড় করতে। মিচেল ব্রাসওয়েলের ঘূর্ণিতে অল্পতেই গুটানোর শঙ্কায় পড়েছে টিম টাইগার্স।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা। জমা করেছে ১১৯ রান। দলের ত্রাতা হয়ে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭৭ বলে ৫৫ রানে ব্যাট করছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন জাকের আলী (১)। কিউইদের হয়ে ৪ উইকেট নিয়েছেন ব্রাসওয়েল।
দারুণ শুরুর পর ফিরলেন তানজিদ
দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিমকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। তবে তানজিদ ২৪ রানে ফিরেছেন ব্রেসওয়েলের বলে।
উইকেট হারালেও বাংলাদেশ দারুণ গতিতে রান তুলছে। এই প্রতিবেদন লেখা অবধি ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে টাইগাররা। শান্ত ব্যাট করছেন ২৩ রানে। তাকে ১৩ রানে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
সতর্ক শুরু বাংলাদেশের
ডু অর ডাই ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে হলে আজ যেকোনো মূল্যে জিততে হবে বাংলাদেশকে। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচে বেশ সতর্কতার সঙ্গে হাঁটছে বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন ও তানজিদ হাসান। কোনো উইকেট না হারিয়ে ৭ ওভারে ৩৩ রান করেছে তারা। তানজিদ ২৪ ও শান্ত ৮ রানে অপরাজিত আছেন।
এদিন প্রথম ওভারেই একটি রিভিউ হারায় নিউজিল্যান্ড। নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলেন মিচেল স্যান্টনার। ম্যাট হেনরির প্রথম বলে দুই রান নিয়ে শুরু করেন তানজিদ হাসান। তৃতীয় বল একটুর জন্য যায়নি মিড-অন ফিল্ডারের হাতে। স্ট্রাইক পেয়ে পঞ্চম বল ব্যাটে খেলতে পারেননি শান্ত। আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া না দিলে শেষ সময়ে রিভিউ নেন স্যান্টনার। বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে।
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
হারলেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়। এমন সমীকরণে ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
টিকে থাকার ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবের জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। ভারতের বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি অভিজ্ঞ রিয়াদ। কম্বিনেশনের কারণে বাদ পড়েছেণ নাহিদ রানা। দুই পরিবর্তন নিয়ে নামছে নিউজিল্যান্ডও। নাথান স্মিথের জায়গায় একাদশে ফিরেছেন কাইল জেমিসন। ডেরিল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।