× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার লিগ

শিরোপার আরও কাছে লিভারপুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩১ এএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩২ এএম

রবিবার জয়ের রাতে  লিভারপুলকে প্রথম গোল উপহার দেন মোহাম্মদ সালাহ।

রবিবার জয়ের রাতে লিভারপুলকে প্রথম গোল উপহার দেন মোহাম্মদ সালাহ।

ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচ নিয়ে যে আবেগ উত্তেজনা, তার বিন্দুমাত্র আবেদন সৃষ্টি হয়নি গতকাল ইতিহাদে। বরং সিটির মাঠেই একপেশে জয় তুলেছে আর্নে স্লটের শিষ্যরা। অতিথিদের ২-০ ব্যবধানে দাপুটে জয়ে প্রিমিয়ার লিগে শিরোপার আরও কাছে দ্য রেডসরা। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল অ্যানফিল্ডের যোদ্ধারা। লিগে এখন লিভারপুলের বাকি আছে ১১ ম্যাচ। হলফ করেই বলা যায় শিরোপা যাচ্ছে মোহাম্মদ সালাহদের ঘরে।

রবিবার জয়ের রাতে  লিভারপুলকে প্রথম গোল উপহার দেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৫ গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেছেন মিশরীয় ফরোয়ার্ড। আর সব মিলিয়ে ৩৮ ম্যাচে ৩০ গোল এবং ২১ অ্যাসিস্ট করেছেন তিনি। তার কাঁধে ভর করে ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে লিভারপুল। একই সঙ্গে সালাহ নিজেকে ব্যালেন ডি’অর জয়ের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করছেন।

ইতিহাদে এদিন ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখে সিটি। তবে এর কোনোটিই অ্যালিসনকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি। অন্যদিকে ৮ শটের চারটি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। ম্যাচ ঘড়ির চতুর্দশ মিনিটে এগিয়ে যায় অতিথিরা।

মাক অ্যালেস্টারের কর্নারে কাছের পোস্টে খুঁজে নিলেন সোবোসলাইকে। তার ফ্লিকে পেনাল্টি স্পটের কাছ বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন সালাহ। এতে অবশ্য ভাগ্যেরও একটু সহায়তা আছে। সিটির একজন খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টানোয় বল চলে যায় এদেরসনের নাগালের বাইরে।

আক্রমণে আধিপত্য দেখালেও পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল সিটি। এর মধ্যেই ৩০তম মিনিটে জালে বল পাঠান ওমার মার্মাউশ। তবে সিটির এই ফরোয়ার্ড অফসাইডে থাকায় মেলেনি গোল। সাত মিনিট পর ব্যবধান ২-০ করে লিভারপুল। সালাহর কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথার শটে জাল খুঁজে নেন সোবোসলাই।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে লিভারপুলের রক্ষণে প্রবল চাপ তৈরি করে সিটি। প্রতি-আক্রমণে মন দেয়া লিভারপুল ৫৬তম মিনিটে বল জালে পাঠায়। তবে কার্টিস জোন্স অফসাইডে থাকায় মেলেনি গোল। বাকি সময়েও একই তালে খেলে যায় সিটি। কিন্তু ভাঙতে পারেনি লিভারপুলের জমাট রক্ষণ।

গতকাল রাতে ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেশ সতর্ক হয়েই কথা বললেন সালাহ। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে লিভারপুল শিরোপার কাছাকাছি পৌঁছে গেছি কি না জানতে চাইলে সালাহ বলেছেন, ‘আমি বলব না কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু আমাদের নিশ্চিতভাবে আরেকটি শিরোপা লাগবে। এ জন্য আমরা নিজেদের সেরাটাই দেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা