× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বদলির গোলে শীর্ষে ফিরল বার্সেলোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩২ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৩ পিএম

দুই বদলির গোলে শীর্ষে ফিরল বার্সেলোনা

লা লিগার চলতি মৌসুমে প্রথম সাক্ষাতে গত নভেম্বরে ঘরের মাঠে লাস পালমাসের কাছে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। ফিরতি লড়াইয়ে খেলতে নেমেও প্রতিপক্ষের জমাট রক্ষণে প্রথমার্ধে জালের দেখা পায়নি কাতালানরা। বরং মাঝে মধ্যেই ভীতি ছডায় স্বাগতিকরা। বিরতির পর অবশ্য তুলনামূলক ভালো খেলে হান্সি ফ্লিকের দল। তাতেই বদলি নামা দুই খেলোয়াড়ের গোলে আবারও উঠল লিগ টেবিলের শীর্ষে।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে দানি ওলমো দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ফেররান তোরেস। টানা পাঁচ ম্যাচ জিতল বার্সেলোনা। এই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচের সবকটিতে অপরাজিত রইল তারা। যেখানে ১১ জয়ের পাশাপাশি বাকি ২ ম্যাচ ড্র করেছে। জয়ের ধারা অব্যাহত থাকায় খুশি বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।  তবে শিষ্যদের খেলায় পুরোপুরি মন ভরেনি এই জার্মান কোচের। 

প্রথমার্ধে গোল বের করতে পারেনি বার্সেলোনা। খুব গুছিয়ে আক্রমণও করতে পারেনি তারা। বরং খেলা ছিল কিছুটা ছন্নছাড়া। দ্বিতীয়ার্ধে বদলি নামা দানি ওলমোর গোলে ৬২তম মিনিটে দুর্ভাবনা কিছুটা দূর হয় তাদের। পরে ৯০ মিনিটে শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলের জয় আরও নিশ্চিত করেন বদলি নামা আরেক ফুটবলার ফেররান তরেস।

ম্যাচ শেষে ফ্লিক বললেন, প্রথমার্ধে দলের খেলা দেখে বেশ বিরক্ত ছিলেন তিনি, ‘এই ম্যাচ নিয়ে আমি পুরোপুরি খুশি নই। তিন পয়েন্ট পেয়ে অবশ্য খুশি। প্রথমার্ধ শেষে চিন্তিত ছিলাম। বিরতিতে কিছু ব্যাপার শুধরে নিতে বলেছি দলকে। তারা উপলব্ধি করতে পেরেছে এবং পরে পারফরম্যান্সের উন্নতি হয়েছে। তারা দেখেছে, কীভাবে দ্বিতীয়ার্ধে উন্নতি করা যায়।’

কোন জায়গায় উন্নতর তাগিদ দিয়েছিলেন দলকে, সেটিও তুলে ধরলেন বার্সেলোনা কোচ, ‘ব্যাপারটি ছিল পুরো দল মিলে দলের জন্য সম্পৃক্ত হওয়া। আরেকটি ম্যাচে গোল না খেয়ে পার করে দেওয়া ছিল গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে আমরা অনেক বল হারিয়েছি। এই জায়গায় উন্নতি করাও জরুরি ছিল।’

এ দিনই আগের ম্যাচে ভালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। তবে কয়েক ঘণ্টা পরই আবার এই জয়ে বার্সেলোনা উঠে যায় শীর্ষে। ২৫ ম্যাচ ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে এক পয়েন্ট পেছনে আতলেতিকো। ২৪ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে তিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে পরের ম্যাচে রিয়াল যদি জিরোনার সঙ্গে জেতে, তার পরও সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে থাকবে। তাই এল ক্লাসিকোয় মুখোমুখি লড়াইয়ের আগে এগিয়ে থাকায় খুশি বার্সা কোচ ফ্লিক। যদিও সামনে তাকিয়ে দলকে আরও উন্নতির তাড়া দিলেন তিনি, ‘সব মিলিয়ে বলা যেতে পারে, আমি খুশি…. কারণ এখনও শীর্ষস্থান ধরে রাখতে পেরেছি এবং ভালো অবস্থানে আছি। তবে আমরা জানি যে, এখান থেকে আরও উন্নতি আমরা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে হলে, উন্নতির সেই ধারা ধরে রাখতে হবে আমাদের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা