কাল টাইগারদের টিকে থাকার লড়াই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৯ এএম
প্রশ্নটি ওঠে ভারতের বিপক্ষে টসের পরপরই, ‘ মাহমুদউল্লাহ দলে নেই কেন?’ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও কিছু জানাননি। ধারাভাষ্য কক্ষ থেকে পরে জানা যায় চোটে পড়েছেন তিনি। গতকাল শনিবার দলের টিম ম্যানেজার রাবিদ ইমাম অবশ্য অভিজ্ঞ এই ব্যাটারকে নিয়ে আশার বার্তা দিয়েছেন। তবে মাহমুদউল্লাকে নিয়ে শঙ্কা ফুরায়নি।
চ্যাম্পিয়নস ট্রফিতে ট্রফির স্বপ্ন নিয়ে যাওয়া বাংলাদেশ শুরুতেই খেয়েছে বড় ধাক্কা। ভারতের বিপক্ষে লড়াইয়ে পেরে ওঠেনি নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। তাতে সূচনাতেই সমাপ্তির রেশ। তবে হাল ছাড়তে নারাজ টিম টাইগার্স। বাংলাদেশ চাচ্ছে বাকি দুই ম্যাচে জয়ে ফিরতে এবং শেষ চার পাকা করতে। পথটা কঠিন। তবে অসম্ভব মনে করছেন না টাইগাররা। আগামীকাল দুপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে শান্তদের টিকে থাকার লড়াই। এই ম্যাচটি জিতলে ট্রফির মিশনে থাকবে বাংলাদেশ, নয়তো আগেভাগেই নিশ্চিত হবে বিদায়।
শান্তরা এমন সমীকরণের লড়াইয়ে ভুল করতে চান না। আট জাতির এই আসরে কিউইদের বিপক্ষে সুখস্মৃতি নিয়ে লড়তে চান। পরিসংখ্যান অবশ্য ব্ল্যাক ক্যাপসের পক্ষে ভারী। পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল। বাংলাদেশ সেখানে ৩৩ ম্যাচ হেরেছে। ১১টিতে জয় টাইগারদের। একটি হয়েছে পরিত্যক্ত।
চ্যাম্পিয়নস ট্রফিতেও বেশ এগিয়ে আছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু পেয়েছে মিচেল স্যান্টনারের দল। শক্তি-সামর্থ্যেও তারা যোজন এগিয়ে। তবে সবশেষ দেখায় কিউইদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তা ছাড়া ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের হতাশায় ডুবিয়ে টাইগাররা নিশ্চিত করেছিল সেমিফাইনাল। কাল আরেকবার সেই স্মৃতি ফেরাতে চান শান্তরা।
বাঁচা কি মরার হয়ে যাওয়া ম্যাচে বাংলাদেশ একাদশে আনতে পারে পরিবর্তন। ভারতের বিপক্ষে দুর্দান্ত ফিফটি হাঁকানো জাকের আলীকে নিয়েই একাদশ সাজাবে দল। অভিজ্ঞ মাহমুদউল্লাহ ফিট হয়ে ফিরলে বাদ পড়তে পারেন টপ অর্ডারের কেউ। তবে কিউই বধের মিশনে শঙ্কা কাটেনি মাহমুদউল্লাহকে নিয়ে।
টিম ম্যানেজার রাবিদ ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। সে ভালোভাবে সেরে উঠেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সর্বশেষ অনুশীলন শেষে। সে চোট পাওয়ার পর আমরা তার স্ক্যান করিয়েছিলাম এবং সেখানে কোনো চিড় পাওয়া যায়নি। এটি একটি ভালো বিষয়।’
এদিকে নির্বাচক আব্দুর রাজ্জাক গতকাল শনিবার মাহমুদউল্লাহর চোট নিয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘এটা ফিজিওদের রিপোর্টের ওপর নির্ভর করবে। আজ সে অনুশীলন করেছে, আগের দিন পর্যন্ত করেনি। অনুশীলন আজ করল, মোটামুটি সব কিছু নিয়ে কাজ করেছে। ওর অবস্থা এখনও ফিজিওরা জানায়নি। সম্ভবত অনুশীলনের পর তারা জানাবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশে মাহমুদউল্লাহ থাকবেন কিনা- সেটা এখনই খোলাসা করতে চাননি রাজ্জাক, ‘এটা তো আসলে দল নির্বাচনের ব্যাপার, সেটা নিয়ে এখানে বলার কিছু নেই। এটা পরে দেখা যাবে। আগে দেখি ওর (শরীরের) অবস্থা কী। এটা নিয়ে গণমাধ্যমের সামনে এখন আর কী বলব…?’