প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৯ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৭ এএম
ভারত ম্যাচ দিয়ে জয়ে ধারাবাহিক হতে চায় পাকিস্তান। ছবি : সংগৃহীত
ক্রিকেটে ভারত–পাকিস্তান লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ। রাজনৈতিক বৈরিতার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল এখন আর দ্বিপক্ষীয় সিরিজ খেলে না, আইসিসি টুর্নামেন্ট এলেই শুধু মুখোমুখি হয়। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে রবিবার ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটিও হবে দুবাইয়ে। এ ম্যাচে ভারতের চেয়ে একটু বেশি চাপে থেকেই খেলবে পাকিস্তান, বলছেন পাকিস্তানেরই এক ক্রিকেটার।
মাঠের লড়াইয়ে যে কতটা অধারাবাহিক পাকিস্তান তা বুঝতে পারছেন দলটির ক্রিকেটাররাও। ভারত ম্যাচ নিয়ে এক প্রশ্নের জবাবে সালমান আলি আগা বলেছেন, ‘আমরা যদি সেরা দলগুলোর বিপক্ষে জিততে চাই এবং নিজেরা ভালো দল হতে চাই তাহলে আমাদের নিয়মিত ম্যাচ জিততে হবে। এক ম্যাচ ভালো খেলে আরেকটি হারলে হবে না।’
ভারত ম্যাচের আগে অবশ্য পাকিস্তানের জন্য আছে সুখস্মৃতি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে এক প্রকার উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল তারা। কিন্তু এরপর মুখোমুখি হওয়া পাঁচ ম্যাচের কোনোটিতেই আর ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদে হওয়া সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ৭ উইকেটের জয় পায় রোহিত শর্মার দল।
একদিকে যখন চ্যাম্পিয়নস ট্রফির স্বাগতিক দলটির এ অবস্থা, তখন দারুণ ছন্দেই আছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ২২৯ রান তারা তাড়া করেছে ২১ বল ও ৬ উইকেট হাতে রেখে। ব্যাটিংয়ে শুভমান গিল সেঞ্চুরি তুলে নেন, ৫ উইকেট পান দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরা মোহাম্মদ শামি। পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেরা ৪-এ পৌঁছে যাবে ভারত। একদিকে তাদের এমন প্রত্যাবর্তন ও ভালো ফর্ম, আরেকদিকে পাকিস্তানের সামনে দাঁড়িয়ে যাওয়া চ্যালেঞ্জ, রিজওয়ানের দল যে চাপে থাকবে, তা বলাই যায়।