প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৭ পিএম
বাংলাদেশের খেলা সবশেষ ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের রান যথাক্রমে ৫০ *, ৬২ ও ৮৪ *। অর্থাৎ চ্যাম্পিয়নস ট্রফির একাদশে নিশ্চিতভাবেই থাকার কথা অভিজ্ঞ এই ব্যাটারের। যদিও ভারতের বিপক্ষে একাদশে দেখা যায়নি মাহমুদউল্লাহকে, যা অনেকের মতো অবাক করেছে পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসকে। মাহমুদউল্লাহ কেন একাদশে নেই সেই প্রশ্ন তুলেছেন তারা।
গতকাল বৃহস্পতিবার
বাংলাদেশ-ভারত ম্যাচের পর ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিং রুম’ অনুষ্ঠানের বিশেষজ্ঞ বিশ্লেষণে
পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ফাস্ট বোলিং জুটি আকরাম ও ইউনুস জানিয়েছেন,
মাহমুদউল্লাহর মতো সিনিয়রদের স্কোয়াডে নিলে অবশ্যই একাদশে রাখা উচিত। না-হলে দলে তরুণ
কাউকে সুযোগ দেওয়ার কথা বলেছেন তারা। যদিও তারা যে ভাবনা থেকে এমন মন্তব্য করেছেন,
বাস্তবতা ছিল তার উল্টো।
‘সুলতান অব সুইং’খ্যাত
ওয়াসিম আকরাম বলেন, ‘আমি একটা প্রশ্ন তুলে ধরতে চাই। বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ আছে।
৩৯ বছর বয়স, ভালো খেলোয়াড়। যদিও সম্প্রতি তাকে খেলতে দেখিনি। আজ (বৃহস্পতিবার) তাকে
খেলানো হয়নি। আমার মতে, সিনিয়র খেলোয়াড়দের যদি স্কোয়াডে নেওয়া হয়, তাহলে ম্যাচেও খেলানো
উচিত। নইলে দলে একজন তরুণকে সুযোগ দিলেই হয়।’
ওয়াসিমকে সমর্থন
দিয়ে রিভার্স সুইংয়ের আরেক কিংবদন্তি ওয়াকার বলেন, ‘তরুণ ক্রিকেটাররা দেখিয়েছে, সাদা
বলের ক্রিকেট তাদেরই খেলা। মাহমুদউল্লাহর বিষয়ে ঠিকই বলেছেন। একাদশে না রাখা হলে বেঞ্চে
রাখার দরকাই নাই।’
প্রসঙ্গত, ভারতের
বিপক্ষে মাহমুদউল্লাহর না থাকায় অনেকেই মনে করছিলেন দলের সমন্বয়ের কারণেই একাদশে সুযোগ
পাননি। তবে পরে বাংলাদেশ দলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছিল, দুবাইয়ে প্রথম অনুশীলনেই
ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল মাহমুদউল্লাহর। সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি
বলে ভারতের বিপক্ষে খেলেননি।