× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল ফুটবল

মোহামেডান, ফর্টিসের জয়ের দিনে হেরেছে ব্রাদার্স, রহমতগঞ্জ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪২ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৭ পিএম

মোহামেডান, ফর্টিসের জয়ের দিনে হেরেছে ব্রাদার্স, রহমতগঞ্জ

ঘরোয়া ফুটবলে চলছে মধ্যবর্তী দলবদলের সময়; শেষ হবে আগামী মার্চে। তবে এরই মধ্যে প্রিমিয়ার লিগের এক রাউন্ড আয়োজনের সিদ্ধান্ত নেয় বাফুফে লিগ কমিটি। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ ৬টি দল। তিন ম্যাচের মধ্যে তিনটিতেই ফল বেরিয়েছে। স্মরণীয় দিনটিকে জয় দিয়ে আরও স্মরণীয় করেছে ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ ও আলফাজ আহমেদের মোহামেডান।

শুক্রবার নিজেদের হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে আতিথেয়তা দেয় মোহামেডান। ম্যাচে শাহাদাত হোসেনের দলকে ৩-০ গোলে হারিয়েছে সাদা-কালোরা। প্রথমার্ধের ৩৮ মিনিটে মোজাফ্ফরভের লিড এনে দেওয়ার পর ৮২ মিনিটে লিড দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় রহিম উদ্দিন। নির্ধারিত সময়ের এক মিনিট আগে ব্যবধান বাড়ান অধিনায়ক সোলেমান দিয়াবাতে। 

প্রথম পর্বের শেষ ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্সের কাছে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাড়াল মোহামেডান। লিগে ১০ ম্যাচে ৯জয় এবং এক হারে ২৭ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে আছে মতিঝিল পাড়ার ক্লাবটি। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানী থেকে এক ধাপ উপরে থাকা ওয়ান্ডারার্সের হয়নি কোনো পরিবর্তন। এর আগে প্রথম লেগের খেলায় এবং লিগে নিজের উদ্বোধনী ম্যাচে মোহামেডানের কাছে ৬-০ গোলে হেরেছিল ওয়ান্ডারার্স।

একই দিনে ফর্টিস ও বাংলাদেশ পুলিশ এফসি জিতলে টেবিলে তাদের অবস্থানও থেকে অপরিবর্তিত। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের সামনে এদিন ধরাসায়ী হয় রহমতগঞ্জ। ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল পেয়েছেন ফর্টিসের ওমর বাবু। এ নিয়ে মৌসুমে ৬টি লিগ ম্যাচ গোল করলেন গাম্বিয়ান স্ট্রাইকার। অন্য গোলটি করেছেন দলটির ইউক্রেনীয় মিডফিল্ডার ভ্যালেরি গ্রিসিন। রহমতগঞ্জের হয়ে এক গোল করে ব্যবধান কমিয়েছেন স্যামুয়েল বোয়েটেং। এই গোল নিয়ে লিগের শীর্ষ এই গোলমেশিন পৌছালেন ১২ গোলে। 

তবে শুরুর দিকের দারুণ ছন্দে থাকা রহমতগঞ্জ এদিনও ফিরতে পারেনি জয়ের ধারায়। এ নিয়ে টানা চার ম্যাচে হারল পুরান ঢাকার ক্লাবটি। অন্যদিকে টানা চার ম্যাচে জয়হীন থাকার পর এ নিয়ে পরপর দুটি ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ফর্টিস। ১০ খেলায় ৩ জয়, ৫ ড্র এবং দুই হারে ১৪ পয়েন্ট নিয়ে ক্লাবটি আছে লিগ টেবিলের ছয়ে। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি পেয়ে চারে রহমতগঞ্জ। এই জয়ের সুবাদে গত ৩০ নভেম্বর অনুষ্ঠেয় প্রথম লেগের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের শোধ নিল ফর্টিস।

একই সময় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জামাল ভূইয়ার ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে পুলিশ। ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেছেন পুলিশের সেন্টারব্যাক দানিলো কুইপাপা। পুলিশের জার্সিতে বাংলাদেশের লিগে প্রথম ম্যাচেই গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা। দুই দলের মধ্যকার লিগের প্রথম লেগের খেলায় অবশ্য পুলিশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ব্রাদার্স। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা