× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েদের ডিপিএল

মোহামেডানের হারের দিনে আবাহনীর জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৬ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৭ পিএম

নিগার সুলতানা জ্যোতিদের শেলটেকের কাছে হার দিয়ে ডিপিএল শুরু করেছে সালমা খাতুনের মোহামেডান; ছবি: আ. ই. আলীম

নিগার সুলতানা জ্যোতিদের শেলটেকের কাছে হার দিয়ে ডিপিএল শুরু করেছে সালমা খাতুনের মোহামেডান; ছবি: আ. ই. আলীম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে হার দিয়ে শুরু করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্রিকেট ক্লাব লিমিটেড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৫৩ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে শেলটেক ক্রিকেট একাডেমি। মোহামেডানের হারের দিনে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আরেক ম্যাচে খেলাঘর সমাজ কল্যান সমিতিকে ৭ উইকেটে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব।

হারে শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের

মেয়েদের ডিপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। কিন্তু সালমা খাতুনের দলটি নিগার সুলতানা জ্যোতিদের শেলটেকের গড়া বড় সংগ্রহের সামনে ঠিক ওঠেনি। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রান করে শেলটেক। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। 

মোহামেডানের হয়ে শারমিন সুপ্তা একাই লড়াই করেছিলেন। তার ব্যাট থেকে আসে ১০৩ বলে ৩ চার ও ২ ছক্কার মারে সর্বোচ্চ ৭৩ রান। ৫৩ বলে ৩৬ রান করেন মুর্শিদা খাতুন। শেলটেকের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। 

এর আগে সুমাইয়া আক্তারের ও ইশমা তানজীমের জোড়া ফিফটিতে ভর করে মোহামেডানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় শেলটেক। সুমাইয়া ১০১ বলে সর্বোচ্চ ৮৩ রান করেন।  ইশমার ব্যাট থেকে আসে ৬৮ রান। শূন্য রানে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মোহামেডানের হয়ে একাই ৪ উইকেট নেন সানজিদা মেঘলা। 

ব্যাট হাতে অপরাজিত ২৮ রানের পর বোলিংয়ে ৩ উইকেট শিকার  করে ম্যাচসেরা ফাহিমা খাতুন; ছবি: আ. ই. আলীম

আবাহনীর কষ্টার্জিত জয়

বিকেএসপিতে বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলকে হারাতে ঘাম ছুটে গেছে আবাহনীর। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে পুলিশ ৩৮.৩ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায়। জবাবে ২৫.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ঐতিহ্যবাহী দলটি।

পুলিশের ইনিংসে সর্বোচ্চ ২৮ রান আসে রচনা তৃপ্তির ব্যাট থেকে। অর্পণা দে ২২ রান করেন ৭৭ বলে। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। আবাহনীর বোলারদের মধ্যে রিয়া আক্তার শিখা সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া রূপা রায় এবং ফাতেমা জাহান সোনিয়া দুটি করে উইকেট নিয়েছেন।

৯৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আবাহনী। ওপেনার দিলারা দোলা রানের খাতা না খুলেই আউট হয়েছেন। শুরুতে উইকেট হারানো আবাহনী নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক ফারজানা হক পিংকি আবাহনীর জয় নিশ্চিত করে ফেলেন। ৭২ বলে ৭ চারে তিনি খেলেন ৫৫ রানের অপরাজিত ইনিংস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। 

পুলিশের হয়ে প্রীতি দাস সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া দিপা খাতুন দুটি এবং লামিয়া মৃধা একটি উইকেট নিয়েছেন।

দাপুটে জয়ে শুরু গুলশানের

দিনের আরও একটি ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে গুলশান ইয়ুথ ক্লাব। সানদিহা ইসলাম আশার বোলিংয়ে খেলাঘর ৬৬ রানে অলআউট হয়। জবাবে ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে গুলশান। জয়ের নায়ক আশা ৫.৪ ওভারে ৯ রান খরচায় নেন ৬টি উইকেট। গুলশানের ব্যাটারদের মধ্যে আফিয়ার ইরার ব্যাট থেকে আসে ১৭ রানের ইনিংস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা