প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৮ পিএম
আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুবাইয়ে লড়বে টাইগাররা। তার আগে নাজমুল হোসেন শান্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টাইগারদের তিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে লড়ার পরামর্শ দিয়েছেন।
বুধবার মাশরাফি তার ভেরিফায়েড ফেসবুকে শান্তদের অফিসিয়াল ফটোশেসনের একটি ছবি পোস্ট করে দলকে শুভকামনা জানিয়েছেন।
মাশরাফি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।’
চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা ওঠার পরদিন বাংলাদেশ শুরু করবে তাদের মিশন। দুবাইয়ে ভারতের মোকাবেলার করার পর পাকিস্তানে উড়ে যাবে শান্তরা। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।