প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৭ এএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৭ এএম
চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফে ফিরতি লেগে শেষ সময়ের গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। দিনের প্রথম ম্যাচে রূপকথার জন্ম দিয়েছে ফেইনুর্দ। ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে ডাচ ক্লাবটি।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে প্লে-অফের ফিরতি লেগে ১-১-এ ড্র করে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে পরের পর্বে নিশ্চিত করেছে বায়ার্ন। গত সপ্তাহে স্কটিশ দলটির মাঠে ২-১ গোলে জিতেছিল ভিনসেন্ট কোম্পানির দল। রাতের অন্য ম্যাচে ফেইনুর্দের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মিলান। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে আসর থেকে বিদায় নিয়েছে তারা। আগে কখনও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো খেলেনি ডাচ ক্লাবটি।
ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে শেষ ষোলোয় উঠেছে বেনফিকা। আরেক লড়াইয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি আটলান্টা। ক্লাব ব্রুগের মাঠে প্রথম লেগে ২-১ গোলে হারের পর এবার ঘরের মাঠে ৩-১ গোলে হেরে গেছে ইতালিয়ান ক্লাবটি। ৫-২ ব্যবধানে জিতে পরের ধাপে গেছে বেলজিয়ান ক্লাবটি।
পরের পর্বে বায়ার্ন খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ বা বেয়ার লেভারকুসেনের বিপক্ষে। বেনফিকার দেখা হবে লিভারপুল বা বার্সেলোনার সঙ্গে। ব্রুগের প্রতিপক্ষ লিল বা অ্যাস্টন ভিলা। ফেইনুর্দ পাবে ইন্টার মিলান বা আর্সেনালকে।