× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

আগামীকাল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৭ পিএম

আগামীকাল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠতে আর দিন দুয়েকের অপেক্ষা। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠছে ৮ জাতির এই টুর্নামেন্টের। আসরের দ্বিতীয় দিন তথা ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। মূল পর্বের আগে আগামীকাল সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। 

যে কোনো আইসিসি প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারী দলগুলো সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। গ্রুপ পর্বে মুখোমুখি হবে না, এমন দলের বিরুদ্ধেই সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলা হয়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবার অনেক দেশই প্রস্তুতি ম্যাচ খেলছে না। ভারত নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে প্রস্তুতি শেষ করেছে। অন্যদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজ শেষে সরাসরি মূলপর্বে নেমে যাবেন বাবর আজমরা।  

অন্যদিকে, বাংলাদেশ কিংবা  আফগানিস্তানের মতো দলগুলো সে অর্থে মাঠের প্রস্তুতির সুযোগ পায়নি। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে খেলেছে গত ডিসেম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে তারা একটি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচকে খুব গুরুত্ব সহকারে দেখছে টাইগাররা। 

গতকাল প্রথম দিনের অনুশীলন পর্ব শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে নিজেদের অবস্থা জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব, ‘আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি। পরের দিন বিশ্রাম নিয়েছি। তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আর এসে অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’ প্রস্তুতি ম্যাচের লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’

এদিকে, বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যে দলটা মাঠে নামবে, সেই দলের কেউই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও আরও আছেন আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীররা। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা