চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫২ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৮ পিএম
পন্টিং বাংলাদেশের খেলা সম্পর্কে ততটা জানেন না বলে মনে করেন বিসিবি পরিচালক ফাহিম— সংগৃহীত ছবি
অপেক্ষা মাত্র কদিনের। এরপরই এক ট্রফির লক্ষ্যে লড়াই শুরু করবে আট দল। মাঠের সেই লড়াইয়ের আগে জমে উঠেছে কথার লড়াই। সাবেক-বর্তমান থেকে বিশ্লেষকরা দিচ্ছেন ভবিষ্যদ্বাণী। কেউ জানাচ্ছেন দলের ঘাটতি, পাল্টা কেউ দেখিয়ে দিচ্ছেন শক্তির জায়গা। কেউ আবার এককাঠি এগিয়ে বেছে নিচ্ছেন দুই ফাইনালিস্টও। শিরোপা কার ঘরে যাবে তা নিয়েও চলছে বিস্তর কথা চালাচালি। জাতীয়তাবাদী জোশে কথা বলছেন গ্রেটদের অনেকেই।
বাংলাদেশের
সমালোচনায় পন্টিং জবাব ফাহিমের
দিন তিনেক আগে
রিকি পন্টিং বলেছিলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ভুগবে।’ কারণও ব্যাখা করেছিলেন অস্ট্রেলিয়ার
সাবেক অধিনায়ক। তবে মন্তব্যটি ভালো লাগেনি বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। তিনি
ছুড়েছেন পাল্টা, ‘খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে।’
ভিন্ন গ্রুপে
পড়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের সঙ্গে সেমিফাইনালের আগে দেখা হওয়ার সুযোগ নেই। তবে চোটজর্জর
দলটির সঙ্গে খেলা হলে সেই ম্যাচে এতটুকুও ছাড় দিত না টাইগাররা। শিষ্যদের প্রতি ফাহিমের
এমন বিশ্বাস। আইসিসির পডকাস্টে পন্টিং যুক্তি দেখিয়েছিলেন, ‘আমার ধারণা বাংলাদেশকে
সংগ্রাম করতে হবে। দলটিতে সে রকম মান আছে বলে মনে হচ্ছে না। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন
পেলে তখন ভয়ংকর। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।’
সেই কথার রেশ
ধরে শনিবার মিরপুরে ফাহিম বলেছেন, ‘গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে।
যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না। সুযোগ পেলে অস্ট্রেলিয়াকে
কঠিন সময় দিবে বাংলাদেশ।’

শাস্ত্রীর বাজির
ঘোড়া ভারত-পাকিস্তান
বাংলাদেশ, পাকিস্তান,
ভারত ও নিউজিল্যান্ড—
চার দলের লড়াই শেষে টিকবে দুই দল। ভারতের কিংবদন্তি ক্রিকেটার রবি শাস্ত্রী মনে করেন
এই গ্রুপে বিপদ বাড়াতে পারে বাংলাদেশ। কথার ব্যাখাও দিয়েছেন অভিজ্ঞ ধারাভাষ্যকার। শাস্ত্রীর
মতে, এই গ্রুপে তিনটি দলের শক্তিমত্তা আছে সেমিফাইনাল নিশ্চিত করার। বাংলাদেশ সেমির
দৌড়ে না থাকলেও কোনো একটি দলের বিপক্ষে দারুণ কিছু করেও ফেলতে পারে।
ভারতের কিংবদন্তি
বলেছেন, ‘নিউজিল্যান্ডের কথা অবশ্যই বলতে হবে। ওরা এমন একটা দল যারা যে কাউকে হারিয়ে
দিতে পারে। বাংলাদেশ আগে অনেকবারই ভারত-পাকিস্তানকে বিপদে ফেলেছে। এটা কঠিন একটি গ্রুপ।’ তবে এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানকে
এগিয়ে রাখছে শাস্ত্রী, ‘ভারত এবং পাকিস্তানকেই এগিয়ে রাখব। পাকিস্তান ম্যাচগুলো তাদের
ঘরের মাটিতেই খেলবে। শুধু একটি ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে খেলবে। ভারতের মান যথেষ্ট
ভালো। দলটিতে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে। আমি মনে করি, ওই গ্রুপ থেকে এই
দুই দলেরই যাওয়া উচিত।’

ভিলিয়ার্সের
অঘটনের লিস্টে বাংলাদেশ
রাগঢাক না রেখেই
এবিডি ভিলিয়ার্স বললেন, ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জেতার মতো দল নয়।’ টাইগার সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ
করে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা শুনিয়েছেন বাস্তবতা। তবে ভিলিয়ার্সের মনে হচ্ছে, গ্রুপ
এ-তে অঘটন ঘটাবে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড।
নিজের ইউটিউব
চ্যানেলে এবি বলছেন, ‘দলটা ভালো। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশ নকআউটে যেতে পারবে।
বাংলাদেশি সমর্থকরা হয়তো এই কথার জন্য অপছন্দ করবে। আমি দুঃখিত। কিন্তু এটাই বাস্তবতা।
তারা ভালো দল, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি জেতার মতো দল নয়।’
শিরোপা না জিতলেও
শান্ত ব্রিগেড বড় কোনো দলকে হারিয়ে অঘটন ঘটাতে পারে বলে বিশ্বাস এবির, ‘দলের নেতৃত্বে
আছেন শান্ত। সে দারুণ ধারাবাহিক। এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি
হবে। মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে। তাসকিন দারুণ পেসার, মিরাজও
দুর্দান্ত অলরাউন্ডার। তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর। বড় কোনো দলকে হারিয়ে দিতে
পারে তারা।’

ভারতকে ডেভিড
লয়েডের খোঁচা
চোট ছিটকে দিয়েছে
জশপ্রিত বুমরাহকে। বোলিংয়ের অন্যতম অস্ত্র হারিয়ে মহাসংকটে পড়েছে ভারত। সেই দিকটিই
মনে করিয়ে দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড। খেলাটি যে ২০ ওভারের নয়, সেই
দিকে দৃষ্টিপাত করতে বলেছেন আর্শদ্বীপ সিংকে।
৫০ ওভারের চ্যাম্পিয়নস
ট্রফিতে সাফল্য পেতে দীর্ঘ স্পেলে বোলিং করার অভ্যস্ততা গড়ে তুলতে হবে। আর্শদ্বীপকে
কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলেও মনে করেন লয়েড, ‘এটি টি-টোয়েন্টি নয়, এটি
একটি ছোট টুর্নামেন্ট নয়। এখানে আপনাকে বারবার বোলিংয়ে ফিরে আসতে হবে। এটি এমন কিছু
যাতে সে অভ্যস্ত নয়। আপনি যদি তার বিরোধী হন, তাকে পরীক্ষা করে দেখুন।’
লয়েডের ক্ষোভের
কারণও আছে। কদিন আগে ভারতের কাছে নাকানিচুবানি খেয়েছে ইংল্যান্ড। টি-টোয়েন্টির সেই
সিরিজে দুর্দান্ত ছিলেন আর্শদ্বীপ।তবে টি-টোয়েন্টি আর ওয়ানডে যে এক নয়, সেটিই ভারতের
তারকাকে মনে করিয়ে দিয়েছেন লয়েড।