প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৯ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫ পিএম
বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কদিন আগে মন্তব্য করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিং। এবার তার সেই মন্তব্যের জবাব দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া বলেছেন— আসরে দেখা হলে মাঠে অজিদের কঠিন সময় উপহার দেবে টাইগাররা।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফাহিম বলেন, 'গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে। যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না। কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না। কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধহয় এবার আমরা দেখতে পারব। অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে।'
এর আগে আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে পন্টিং বলেছিলেন, ‘আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।'
আসরের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল।