চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০১ পিএম
বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানকে সেমিতে দেখছেন শাস্ত্রী। সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর শুরু হতে আর বাকি মাত্র চার দিন। ইতোমধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল পৌছেছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। টাইগারদের গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড। যে চারদল থেকে সেমিফাইনালে উঠবে দুই দল। তবে সেখানে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।
সেমির টিকিট পেতে হলে দুই ম্যাচ জিততে হবে টাইগারদের। সাম্প্রতিক ফর্ম আর শক্তিমত্তা বিবেচনায় দুই ম্যাচ জেতা বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন কাজ। সেটিই মনে করেন শাস্ত্রী। ভারতের এই সাবেক ক্রিকেটার মনে করেন বাংলাদেশের জন্য সেমিতে যাওয়াটা অসম্ভব ব্যাপারই। এই গ্রুপ থেকে চির দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে শেষ চারে দেখছেন তিনি।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। সংগৃহীত ছবি
তবে নিউজিল্যান্ডের সামর্থ্য আছে নিজেদের দিনে যে কাউকে হারানোর বলে মনে করেন তিনি। তাছাড়া পাকিস্তানের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছে কিউইরা। এই যাত্রায় তারা দুবারের মোকাবিলায় পাকিস্তানকে হারিয়েছে। যে কারণে কিউইদের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তারপরও শাস্ত্রী এগিয়ে রাখছেন নিজের দেশ ও পাকিস্তানকে, ‘আমি ভারত এবং পাকিস্তানকেই এগিয়ে রাখব। পাকিস্তান ম্যাচগুলো তাদের ঘরের মাটিতেই খেলবে। শুধু একটি ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে খেলবে। ভারতের মান যথেষ্ট ভালো। দলটিতে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে। আমি মনে করি ওই গ্রুপ থেকে এই দুই দলেরই যাওয়া উচিত।’
এরপর নিউজিল্যান্ডের সম্ভাবনা কথা তুলে ধরে শাস্ত্রী বলেছেন, ‘নিউজিল্যান্ডের কথা অবশ্যই বলতে হবে। ওরা এমন একটা দল যারা যে কাউকে হারিয়ে দিতে পারে। বাংলাদেশ আগে অনেকবারই ভারত-পাকিস্তানকে বিপদে ফেলেছে। এটা কঠিন একটি গ্রুপ। তাই অভিজ্ঞতা বিবেচনায় আমি ভারত-পাকিস্তানকে এগিয়ে রাখব।’
আসরের ভারতের বিপক্ষে শুরুর পর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্তরা।