প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১ পিএম
অভিজ্ঞতা আছে, অধিনায়কত্বে বাংলাদেশকে সাফল্যও এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতে দলও সামলেছেন সিদ্ধ হচ্ছে। শান্ত ফেরায় তাকে নেতৃত্ব ছাড়তে হয়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিকল্প চিন্তা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরাজকে সহঅধিনায়ক হিসেবে পাঠাচ্ছে বিসিবি।
মিরাজ সহঅধিনায়ক হতে যাচ্ছেন—কদিন ধরে শোনা যাচ্ছিল এমন গুঞ্জন। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায় বিসিবি। এদিন মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে আট জাতির আসরে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টারা। দুবাইয়ে পৌঁছে তারা পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি ম্যাচ খেলবেন। ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান শাহিনস। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে।
বিসিবির ভাবনায় শান্তর চোট। এক সপ্তাহ আগে দুবাইয়ে যাওয়া বাংলাদেশ দলে এখন পর্যন্ত তেমন কোনো চোটের খবর নেই। তবে অধিনায়ক শান্ত কদিন আগে ফিরছেন চোট কাটিয়ে। বিসিবি তাই হুট করেই কাউকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি থেকে সরে এসেছে। একজনকে শান্তর ডেপুটি হিসেবে পাঠাচ্ছে, যাতে আপদকালীন সময়েও অধিনায়ক প্রস্তুত থাকতে পারে। বিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘ চ্যাম্পিয়নস ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করছে বিসিবি। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন এবং সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটাক্রান্ত নাজমুল হোসেন শান্তর অবর্তমানে দলকে নেতৃত্বও দিয়েছেন।’
সম্প্রতি বিপিএলেও নেতৃত্ব দিয়েছেন খুলনা টাইগার্সকে। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে মিরাজ হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। দলকেও তুলেছিলেন প্লে অফে। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে হেরে খেলা হয়নি ফাইনালে। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সফলতা না পেলেও টেস্টে জয়ের স্বাদ পেয়েছেন মিরাজ। উইন্ডিজ সফরে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট জিতে ১-১ সমতায় ড্র করেছিল বাংলাদেশ। একইসাথে ক্যারিবিয়ান দীপপুঞ্জে পেয়েছিল ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ।
মিরাজকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণার সেই বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, অনুশীলনে সাহায্য করার জন্য চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডের সাথে দুবাই যাচ্ছেন দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই তারা দেশে ফিরে আসবেন।’
বাংলাদেশ তাদের ১৫ সদস্যের দলে আছেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা ছয়জন খেলোয়াড়। সে বছর সেমিফাইনালে খেলেছিলো টাইগাররা। যা আইসিসি ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য। এবার নাজমুল হোসেন শান্তদের লক্ষ্য ফাইনাল। দুবাই ও পাকিস্তানে বসা টুর্নামেন্টে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে পাশমার্ক পেলে ফাইনালও হাতছোঁয়া দূরত্বে থাকবে টাইগারদের।